ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বরেন্দ্র অঞ্চলের অনেক আমন খেত পানিতে তলিয়ে গেছে। নিচু জমির ধান এখন পানির নিচে। অনেক কৃষক বাধ্য হয়ে আধা পাকা, কোথাও কাঁচা ধান কাটছেন; কেউ খেত থেকে পানি বের করে ফসল বাঁচানোর চেষ্টা করছেন।
উপজেলার আটটি ইউনিয়নে এ বছর ৩১ হাজার ৪০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ছিল, আবাদ হয়েছে ৩০ হাজার ৪৪০ হেক্টরে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪৬ হাজার ১১২ মেট্রিক টন।
কৃষকেরা জানান, অনেকে আমন ঘরে তুলে জমিতে সরিষা বুনেছিলেন, সেই জমিতে পানি জমে ক্ষতি হয়েছে। কেউ সরিষা বোনার প্রস্তুতি নিচ্ছিলেন, পানি জমায় তা-ও আটকে গেছে। যেখানে খেতের পানি বের করার উপায় নেই, সেখানে কৃষকেরা শুধু ধানের শিষ কেটে উঁচু জায়গায় আনছেন, খড় পানিতেই পড়ে থাকছে।
দামপুরা গ্রামের কৃষক হারুন অর রশিদ কয়েক দিন আগে ছয় বিঘা জমির ধান কেটে মাঠে রেখেছিলেন। বৃষ্টিতে সব ধান ভিজে গেছে। তাঁর আশঙ্কা, ভেজা ধান মাড়াই করে বিক্রি করতে গেলে ভালো দাম পাবেন না।
ঘুঘুডাংগা গ্রামের মুনিরুল ইসলাম এনজিও ঋণ ও ধারদেনা করে ১১ বিঘা জমিতে আমন করেছিলেন, ধানগাছও ভালো হয়েছিল। ঋণ এবং সার ও কীটনাশক ডিলারদের পাওনার চাপে তিনি ছয় বিঘার ধান আগেভাগে কেটে জমিতে রেখেছিলেন। নিচু জমিতে চারপাশের পানির চাপে তাঁর খেত ডুবে যায়, কাটা ধানও ভেসে যায়।
কৃষকদের আশঙ্কা, কাটা ধান পানিতে ডুবে ও ভিজে যাওয়ায় ফলন কমতে পারে। তবে নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেছেন, আকভানের প্রভাবে কয়েক দিনের বৃষ্টিতে কৃষকের সাময়িক ভোগান্তি হলেও ফলনে তেমন প্রভাব পড়বে না। প্রতিবেদনটি কৃষি সময়ের নওগাঁ সংবাদদাতার।
ছবি: Bivuti Bhuson Mahato / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)