গমের নতুন জাতের প্রদর্শনী খামার করতে পাবনার ৫০ জন কৃষক-কৃষাণী ও ১০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে দিনব্যাপী প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডব্লিউএমআরআই), রাজশাহী। প্রশিক্ষণ শেষে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় পাবনা খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ আয়োজন হয়।
প্রত্যেক কৃষক পেয়েছেন বারি গম ৩০, ৩৩ এবং বিডব্লিউএমআরআই গম ১, ২, ৩, ৪ ও ৫ জাতের যেকোনো একটির ১২ কেজি বীজ। সঙ্গে দেওয়া হয়েছে ২১ কেজি ইউরিয়া, ১২ কেজি ডিএপি, ১৩ কেজি এমওপি, ১০ কেজি জিপসাম ও ৬০০ গ্রাম বোরন সার।
মুখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনার উপপরিচালক কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামানিক। জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. লুৎফর রহমান এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. সুহানা খাতুন উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন জাত, উৎপাদন প্রযুক্তি, রোগবালাই দমন এবং বীজ সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে সেশন পরিচালনা করেন।
আলোচকেরা বলেন, ইনস্টিটিউটের উদ্ভাবিত নতুন জাতগুলো উচ্চফলনশীল ও স্বল্পজীবনকালীন, ব্লাস্ট ও পাতার মরিচাসহ নানা রোগ সহনশীল এবং প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। জলবায়ু পরিবর্তন, উৎপাদন খরচ বৃদ্ধি ও জমির সর্বোত্তম ব্যবহারের চ্যালেঞ্জ মোকাবিলায় এসব জাত সম্প্রসারণে কাজ করার তাগিদ দেন তাঁরা।
তাঁদের মতে, তুলনামূলক কম সেচ লাগে এবং রোগবালাই ও পোকার আক্রমণ কম হয় বলে গম চাষে খরচ নিয়ন্ত্রণে রাখা যায়। কাঙ্ক্ষিত ফলনের জন্য মানসম্মত বীজ, সময়মতো বপন, মাটি পরীক্ষা অনুযায়ী সুষম সার এবং সময়মতো রোগবালাই দমন দরকার; মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সারের ব্যবহার বাড়ানোর কথাও বলেন তাঁরা।
প্রশিক্ষণে শেখা পদ্ধতি নিজের জমিতে প্রয়োগের পাশাপাশি অন্য কৃষকদের মধ্যেও ছড়িয়ে দিতে অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান আলোচকেরা। রুটি, বিস্কুট, নুডলস ও পাউরুটির মতো খাবারের প্রধান কাঁচামাল গম দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় গুরুত্বপূর্ণ দানাদার ফসল বলে উল্লেখ করেন তাঁরা।
ছবি: মিলন / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এগ্রিনিউজবিডি




মন্তব্য
(০)