জার্মানির উদ্ভিজ্জ খাদ্য উৎপাদক গ্রিনফোর্স বার্লিনের উদ্ভিজ্জ ডিম তৈরির স্টার্টআপ নেগস্ট (Neggst) কিনে নিয়েছে, জানিয়েছে গ্রিন কুইন। চুক্তিটি গ্রিনফোর্সের নিজেরই যুক্তরাষ্ট্রের হোল্ডিং কোম্পানি লাইভকাইন্ডলি কালেকটিভের কাছে বিক্রির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। নেগস্টের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ভেরোনিকা গার্সিয়া-আর্তেয়াগা লেনদেন নিশ্চিত করে জানিয়েছেন, তিনি প্রতিষ্ঠান ছাড়ছেন।
২০২১ সালে প্রতিষ্ঠিত নেগস্ট গড়ে উঠেছে জার্মানির ফ্রাউনহোফার ইনস্টিটিউটে গার্সিয়া-আর্তেয়াগার গবেষণার ওপর। ফাভা শিম, হলুদ মটর ও মিষ্টি আলু থেকে তারা ডিমের সাদা অংশ, কুসুম ও আবরণ তৈরি করে, যা মিলিয়ে বানানো হয় উদ্ভিজ্জ পোচ ও ভাজা ডিম, এগ বাইট ও প্যাটি। সাদা অংশ, কুসুম, খোসা, পোচ ডিম ও তরল ডিমের ফর্মুলায় ইউরোপীয় পেটেন্ট আছে তাদের; বিক্রি হয় জার্মানি, ফ্রান্স ও স্পেনের রেস্তোরাঁ ও খাদ্যসেবায়।
নেগস্ট এ পর্যন্ত ৭০ লাখ ইউরো (৭৮ লাখ ডলার) ভেঞ্চার বিনিয়োগ পেয়েছে, সঙ্গে সরকারি অনুদান ও ঋণ। লাইভকাইন্ডলির গ্রিনফোর্স কেনা আনুষ্ঠানিক হলে নেগস্ট ওই গোষ্ঠীর শিল্প উৎপাদন সক্ষমতা ও বৈশ্বিক বিতরণ ব্যবস্থা ব্যবহারের সুযোগ পাবে।
ইউরোপের উদ্ভিজ্জ খাবারের বাজারে ডিমের বিকল্প এখনো খুব ছোট অংশ, তবে বার্ড ফ্লু ও রানীক্ষেত রোগে গত বছর ইউরোপে ডিমের দাম এক দশকের সর্বোচ্চে উঠেছিল। উদ্ভিজ্জ বিকল্প খাবার সবচেয়ে বেশি কেনে জার্মানি, ২০২৫ সালে বিক্রি ছাড়িয়েছে ১৭০ কোটি ইউরো। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বিকল্প প্রোটিনের ৯০টির বেশি প্রতিষ্ঠান অধিগ্রহণ, একীভূত, দেউলিয়া বা বন্ধ হয়েছে; এই চুক্তি সেই একীকরণের ধারারই অংশ।
সূত্র: Green Queen




মন্তব্য
(০)