নওগাঁর বদলগাছী উপজেলার কাষ্টডোব মাঠে ‘সেন্টু পাইজাম-২১’ জাতের ধান আবাদ করে ভালো ফলনের আশা করছেন দোনইল গ্রামের প্রান্তিক বর্গাচাষি বাবু। অন্যের জমি বর্গা নিয়ে ১৩ বিঘায় এ ধান করেছেন তিনি। প্রচলিত জাতের তুলনায় কম খরচে বেশি ফলনের প্রত্যাশা তাঁর।
বাবু জানান, প্রতিটি জমিতে ফলন প্রায় একই রকম হয়েছে, এমন ফলন আগে কখনো পাননি। এবার বিঘাপ্রতি অন্তত ২৮ মণ ধান পাওয়ার আশা করছেন। ধান কাটার আগেই অনেক কৃষক বীজের জন্য আগ্রহ দেখাচ্ছেন। তাঁর খেতের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে।
বীজ এসেছে বেগুনজোয়ার গ্রামের ফরিদ হোসাইনের কাছ থেকে। ফরিদ জানান, গত বছর অনলাইনে জাতটির খোঁজ পেয়ে কামরাঙ্গীরচর থেকে ৫ কেজি বীজ আনেন। দুই বিঘায় পরীক্ষামূলক আবাদে বিঘাপ্রতি ২৮ মণ ফলন পান। সেই অভিজ্ঞতা থেকেই এবার বাবুকে বীজ দিয়েছেন এবং পরামর্শ দিয়ে পাশে ছিলেন।
উপজেলা কৃষি অফিসের তথ্যে, চলতি মৌসুমে বদলগাছীতে ১৪ হাজার ৬৪০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ২ হেক্টরে চাষ হয়েছে সেন্টু পাইজাম-২১।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান বলেন, সেন্টু পাইজাম-২১ একটি উচ্চফলনশীল জাত। সেন্টু হাজাম নামের এক ব্যক্তি দেশি পাইজাম ও রঞ্জিত ধানের সংকরায়ণে জাতটি উদ্ভাবন করেন। বাবু এলাকায় সাড়া ফেলেছেন এবং তিনি লাভবান হবেন বলে আশা করেন এই কর্মকর্তা।
ছবি: SyedAminul / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)