রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়ায় পাহাড়ের ঢালু জমিতে সারি সারি আখগাছ লাগিয়েছেন কৃষক তছলিম। তিন বিঘা জমির এই খেত থেকে এক মৌসুমেই প্রায় ২০ লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। আখ এখন বিক্রির উপযোগী।
তছলিম জানান, চলতি বছরের জুলাইয়ে প্রায় ২০ হাজার আখের চারা রোপণ করেন। কোনো সরকারি বা বেসরকারি সহায়তা ছাড়া নিজের টাকা ও শ্রমে খেতের পরিচর্যা করেছেন। তাঁর হিসাবে খেত থেকে ৭০ থেকে ৮০ হাজার আখ বিক্রি করা যাবে।
এলাকায় বড় পরিসরে আখ চাষ খুব একটা দেখা যায় না, তাই খেত দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের মানুষ, কেউ কেউ আখ কিনতেও চাইছেন। স্থানীয় কয়েকজন কৃষক ভবিষ্যতে বাণিজ্যিকভাবে আখ চাষের আগ্রহ দেখিয়েছেন। তাঁদের মতে, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উপকরণ আর বাজারজাতকরণে সহায়তা পেলে পাহাড়ে আখ চাষের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
তবে সময়মতো আখ বিক্রি করতে না পারলে বড় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তছলিম। আখের রস বের করার মেশিন থাকলে স্থানীয় বাজারে রস বিক্রি করেও বাড়তি আয় করা যেত বলে মনে করেন তিনি।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান জানান, উপজেলায় এখন প্রায় ৫০ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। আখের জন্য উপজেলা কৃষি অফিসের আলাদা বরাদ্দ নেই, তবে পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে আখচাষিদের বিভিন্ন সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে।
ছবি: Plague / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)