মেহেরপুরের মাঠে এখন ব্যস্ততার শেষ নেই। নানা সংকট মাথায় নিয়েও আমন ধান ও শীতকালীন সবজি আবাদে দিন-রাত পরিশ্রম করছেন জেলার চাষিরা।
চাষিরা বলছেন, সার সংকট এবং কীটনাশক ও জ্বালানি তেলের বাড়তি দামে এবার উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গেছে। ফসল ঘরে তোলার পর এই বাড়তি খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকে।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি খরিপ-২ মৌসুমে মেহেরপুর জেলায় ২৬ হাজার ৯৩০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে।
পাশাপাশি শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৫২৫ হেক্টর জমিতে। ফুলকপি, বাঁধাকপিসহ নানা সবজির চারা এরই মধ্যে মাঠে লাগাতে শুরু করেছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বৈকুণ্ঠপুরসহ কয়েকটি গ্রামে দেখা যায়, কেউ আমন খেতে নিড়ানি দিচ্ছেন, কেউ আবার সবজির জমি তৈরি করছেন। মুজিবনগর এলাকাতেও প্রায় একই চিত্র।
চাষিদের আশা, আবহাওয়া অনুকূল থাকলে এবার ভালো ফলন মিলবে। তবে বাজারে ন্যায্য দাম না পেলে বাড়তি উৎপাদন খরচের ধাক্কা সামলানো কঠিন হবে বলে তাঁরা জানান।
সূত্র: কৃষি সময়


মন্তব্য
(০)