নদী রক্ষায় সরকার, জনগণ, গবেষক ও পরিবেশবিদদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। রোববার রাজধানীর পান্থপথে পানি ভবন মিলনায়তনে বিশ্ব নদী দিবস ও মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দখল ও দূষণ ঠেকানোর পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। নদীকে শুধু পানি প্রবাহের পথ নয়, পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নদী ও জলাভূমি সংরক্ষণের বিকল্প নেই এবং নদীকেন্দ্রিক টেকসই ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, নদী ও জলসম্পদ সংরক্ষণে দীর্ঘদিন অবদান রাখা মানুষদের স্বীকৃতি অন্যদেরও নদী রক্ষায় উৎসাহিত করবে।
অনুষ্ঠানে পাঁচ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। লেখক বিভাগে পেয়েছেন সেভ দ্য রিভার মুভমেন্টের বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মাহবুবুল কবির সিদ্দিকী, গবেষণায় নদী গবেষক ও রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন, সাংবাদিকতায় যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাজ্জাদ পারভেজ ও বণিক বার্তার নিজস্ব প্রতিবেদক আল ফাতাহ, আর সংগঠন বিভাগে নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামস।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য মঞ্জুরুল কিবরিয়া, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সোলায়মান হায়দার ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন উপস্থিত ছিলেন।
সূত্র: দেশ রূপান্তর





মন্তব্য
(০)