ধানখেত থেকে মিথেন নিঃসরণ মাপা ও কমানোর লক্ষ্যে বাংলাদেশে 'এক্সেলার' (AcceLER) প্রকল্প চালু করেছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। ফলন বা কৃষকের আয়ে ঘাটতি না ঘটিয়ে নিঃসরণ কমানোই দুই বছর মেয়াদি এই প্রকল্পের উদ্দেশ্য। ২৭ ও ২৮ অক্টোবর ঢাকায় এক প্রশিক্ষণ কর্মশালার সঙ্গে প্রকল্পটির উদ্বোধন হয়; ইরি ২০ নভেম্বর এ খবর জানিয়েছে।
ইরির তথ্য অনুযায়ী, বাংলাদেশের মোট আবাদি জমির প্রায় ৭৫ শতাংশে ধান হয় এবং ১ কোটি ৬০ লাখের বেশি কৃষক পরিবার এর ওপর নির্ভরশীল। আবার দেশের কৃষি খাতের মিথেন নিঃসরণের ৪৭ শতাংশ এবং মোট মিথেনের ৩৬ শতাংশ আসে ধান থেকে। গ্লোবাল মিথেন হাবের অর্থায়নে চলা এক্সেলার প্রকল্প দেশগুলোকে ধান খাতের মিথেন কমানোর রোডম্যাপ তৈরি এবং জাতীয় জলবায়ু লক্ষ্যের অগ্রগতি পর্যবেক্ষণের ব্যবস্থা গড়তে সহায়তা করে।
ধান চাষে গ্রিনহাউস গ্যাস কমানোর হিসাব মাপা, জানানো ও যাচাই (এমআরভি) বিষয়ক কর্মশালায় কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়, গবেষণা প্রতিষ্ঠান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও উন্নয়ন সহযোগীদের প্রায় ৬০ জন অংশ নেন। কৃষিসচিব মো. সেলিম খান বলেন, "যা মাপতে পারি না, তা সামলাতেও পারি না।" তাঁর মতে, স্বচ্ছ এমআরভি ব্যবস্থা জাতীয়ভাবে নির্ধারিত অবদানের (এনডিসি) আওতায় দেশের নিঃসরণ হিসাব ও প্রতিবেদন জোরদার করবে এবং জলবায়ু অর্থায়নের সুযোগ খুলবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম বলেন, জলবায়ু-সহিষ্ণু চাষপদ্ধতি ছড়িয়ে দিতে ও আন্তর্জাতিক জলবায়ু তহবিল পেতে সম্প্রসারণ সেবার নির্ভরযোগ্য তথ্য অপরিহার্য। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম কম খরচের, বড় পরিসরে চালানো যায় এমন স্বচ্ছ এমআরভি ব্যবস্থার ওপর জোর দেন। নিঃসরণ কমানোর উপায় হিসেবে তিনি পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো (এডব্লিউডি) সেচপদ্ধতি, জলবায়ু-সহিষ্ণু ধানের জাত, উন্নত সার ব্যবস্থাপনা, সরাসরি বপন করা ধান এবং খড়-নাড়ার উন্নত ব্যবস্থাপনার কথা বলেন।
ইরির বাংলাদেশ প্রতিনিধি ড. হুমনাথ ভান্ডারি বলেন, ডিজিটাল এমআরভি টুল কৃষকের মাঠের কাজকে জাতীয় জলবায়ু প্রতিবেদনে তুলে আনতে পারে এবং প্রমাণিত পদ্ধতি ছড়াতে বিনিয়োগ আনতে পারে। প্রকল্পপ্রধান ড. বিয়র্ন ওলে স্যান্ডার (Bjoern Ole Sander) ধানের মিথেন কমানোর গবেষণা-পরীক্ষিত পদ্ধতি তুলে ধরেন, আর ইরির কৃষিতত্ত্ববিদ ড. শরীফ আহমেদ বাংলাদেশে ধান খাতের এমআরভির তথ্যপ্রবাহ ও বাধা নিয়ে একটি পর্যালোচনা সমীক্ষার ফল উপস্থাপন করেন। কম্বোডিয়া ও ভিয়েতনামে ইরির একই ধরনের কাজের অভিজ্ঞতাও আলোচনায় আসে।
আগামী দুই বছরে এক্সেলার জাতীয় অংশীদারদের সঙ্গে মিলে বাংলাদেশের ধান খাতের মিথেন হ্রাসের রোডম্যাপ তৈরি এবং পরীক্ষামূলকভাবে এমআরভি পদ্ধতি চালু করবে। সিজিআইএআরের ক্লাইমেট অ্যাকশন ও স্কেলিং ফর ইমপ্যাক্ট বিজ্ঞান কর্মসূচিও এতে সহায়তা দিচ্ছে।
সূত্র: IRRI


মন্তব্য
(০)