ঘন গাছের ছাউনির নিচে কৃষি রোবট যাতে নির্ভুলভাবে চলতে পারে, সে জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মানচিত্র তৈরির ব্যবস্থা উদ্ভাবন করেছেন দক্ষিণ কোরিয়ার চোন্নাম ন্যাশনাল ইউনিভার্সিটির (Chonnam National University) গবেষকেরা। এটি ড্রোনের ছবির সঙ্গে মাঠের রোবটের লিডার সেন্সরের তথ্য মিলিয়ে ফলবাগানের মানচিত্র তৈরি করে।
ফলবাগানের মানচিত্র বানানো কঠিন: ড্রোন ওপর থেকে ছাউনি দেখে, কিন্তু নিচের অংশ দেখতে পায় না; আবার লিডারযুক্ত রোবট ত্রিমাত্রিক খুঁটিনাটি ধরলেও পাতার নিচে স্যাটেলাইট সংকেত দুর্বল হলে পথ হারায়। নতুন ব্যবস্থায় ডিপ লার্নিং দুই উৎসের গাছের সারি, ছাউনির আকার ও ফাঁকা জায়গা মিলিয়ে তথ্য জোড়া লাগায় এবং বাগানের বহুস্তরের ডিজিটাল মডেল তৈরি করে।
পরীক্ষায় ব্যবস্থাটি রোবটের অবস্থান প্রায়ই কয়েক সেন্টিমিটারের মধ্যে নির্ণয় করেছে, বিভিন্ন ঋতুতে কাজ করেছে, দীর্ঘ সময়ের অবস্থানগত ভুল প্রচলিত পদ্ধতির চেয়ে বেশি কমিয়েছে এবং ছোট যন্ত্রে তাৎক্ষণিকভাবে চলেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন অ্যাগ্রিকালচার সাময়িকীর ১৬তম খণ্ডের দ্বিতীয় সংখ্যায়।
কনভারজেন্স বায়োসিস্টেমস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কিয়ং-হোয়ান লি (Kyeong-Hwan Lee) বলেন, মাটিতে রোবট যা দেখে তার সঙ্গে আকাশের মানচিত্র মেলানোয় কৃষি রোবট বাগানে নির্ভরযোগ্যভাবে কাজ করতে পারবে। ভবিষ্যতে এমন তথ্য খামারের জীবন্ত ডিজিটাল মডেল তৈরি করে কৃষকদের ঋতু ও পরিবেশের চাপ সামলে দক্ষভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করতে পারে বলে তাঁর আশা।
ছবি: Wikicnu / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)