ছোটবেলায় দারিদ্র্য বা সংসারের দায়ে যাঁদের কোরআন পড়া শেখা হয়নি, জীবনের পাঁচ দশক পেরিয়ে তাঁদের অনেকে এখন বানান করে কোরআন পড়ছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় অর্ধশতাধিক প্রবীণ শ্রমজীবী মানুষ এভাবে কোরআন শিখছেন, সঙ্গে শুদ্ধভাবে পাঁচ ওয়াক্ত নামাজের নিয়মও।
শুক্রবার রাতে কামারখন্দ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে শেখ আব্দুস সালাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে মাদানি পদ্ধতিতে কোরআন শিক্ষা শেষ করা ৪২ জন প্রবীণ শিক্ষার্থীর হাতে কোরআন শরিফ তুলে দেওয়া হয়। এক বছরের বেশি সময় ধরে এই দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও সবজি বিক্রেতাদের পড়িয়েছেন মসজিদের ইমাম আব্দুল মোমেন।
অনুষ্ঠানে লটারির মাধ্যমে ৭০ বছর বয়সী শফিকুল ইসলাম তারাকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিয়েছে স্যাম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামের একটি ভ্রমণ সংস্থা।
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালক মাওলানা ক্বারী মুয়াজ নোমানী জানান, এটি দ্বিতীয় ব্যাচ, যার পাঠ শুরু হয়েছিল ২০২৫ সালের ৯ জুলাই। প্রতিদিন মাগরিব থেকে এশার আজান পর্যন্ত ক্লাস চলে; সারা দিনের খাটুনির পর প্রবীণ শিক্ষার্থীরা নিয়মিত মসজিদে আসতেন। এই ব্যাচের মেয়াদ আরও তিন মাস বাকি, এরপর তৃতীয় ব্যাচ শুরু হবে এবং বিনা মূল্যের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন, ফাউন্ডেশনের বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রমের পরিচালক মাওলানা ক্বারী মো. মুয়াজ মোহা এবং বেলকুচি ওলামা ঐক্য পরিষদের সেক্রেটারি হাফেজ মো. রফিকুল ইসলামসহ এলাকার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবেদনটি ইত্তেফাকের সিরাজগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন অবলম্বনে।
ছবি: Youseftarekyahia / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: ইত্তেফাক





মন্তব্য
(০)