পাবনার ঈশ্বরদী, আশপাশের সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামে আখের রস ছাড়াই ক্ষতিকর রাসায়নিক ও কাপড়ের রং মিশিয়ে গুড় তৈরির অভিযোগ উঠেছে। কৃষি সময়ের পাবনা সংবাদদাতা জানিয়েছেন, এসব এলাকায় অর্ধশতাধিক ভেজাল গুড়ের কারখানা গড়ে উঠেছে। শীত ও রমজান সামনে রেখে সেখানে শত শত টন গুড় তৈরি হচ্ছে, যা পাইকারি বাজার হয়ে সারা দেশে ছড়াচ্ছে।
অভিযোগ শুধু ঈশ্বরদীতে নয়। শীত মৌসুমে নাটোরের লালপুরের মোমিনপুর, মহারাজপুর, বিলমাড়িয়া ইউনিয়ন, কচুয়া, দুড়দুড়িয়া ও বালিতিতা ইসলামপুর এলাকায় এবং রাজশাহীর বাঘা ও আড়ানী পৌরসভা, বাজুবাঘা, গড়গড়ি ইউনিয়ন, মনিগ্রাম, বারখাদিয়া ও আমোদপুরের গুড় উৎপাদন এলাকাতেও একই তৎপরতা চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ভেজাল ঠেকাতে স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. শোভন পাল জানান, হাইড্রোজ, স্যাকারিন, চুন ও ফিটকিরি মেশানো এ গুড় নিয়মিত খেলে গ্যাস্ট্রিক, আলসারসহ মারাত্মক কিডনি জটিলতা দেখা দিতে পারে।
পাবনা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহা. মাহমুদ হাসান রনি জানান, ভেজাল গুড় প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে। তবে শুধু কারখানায় অভিযান যথেষ্ট নয়; কোন কোন পাইকারি আড়ত ও পরিবহন পথে এ গুড় ছড়াচ্ছে, তা খুঁজে বের করা জরুরি বলে মনে করেন তিনি।
নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া জানান, চিটাগুড়ে সালফার ও ফসফরাসের মতো ক্ষতিকর অপদ্রব্য থাকে। তাঁর অভিযোগ, আখ জোন এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ক্রাশার মেশিনে আখ মাড়াই করে গুড় তৈরি হচ্ছে, কারখানার রাসায়নিকের গন্ধে পরিবেশও দূষিত হচ্ছে। গত ৬ অক্টোবর লালপুরের গৌরীপুরে অভিযান চালিয়ে ক্রাশারে তৈরি গুড় ও সরঞ্জাম জব্দ এবং জরিমানা করা হয়েছিল।
ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার বলেন, এ ধরনের অবৈধ কাজের বিরুদ্ধে প্রশাসন শূন্য সহনশীলতা নীতি নিয়েছে; নির্দিষ্ট অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান চলবে।
ছবি: Masum-al-hasan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)