জৈবজ্বালানি খাতে অন্য ইইউ দেশগুলোর চেয়ে অনেক পিছিয়ে থাকা আয়ারল্যান্ডকে ২০২৭ সালের বাজেটে এ খাতে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে আইরিশ বায়োএনার্জি অ্যাসোসিয়েশন (আইআরবিইএ)। সংগঠনের প্রধান নির্বাহী শন ফিনান বলেন, ঠিক পদক্ষেপ নিলে আয়ারল্যান্ড বিনিয়োগ বাড়াতে, গ্রামে কর্মসংস্থান তৈরি করতে, জীবাশ্ম জ্বালানির জায়গা নিতে এবং কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে।
বায়োগ্যাস ও বায়োমিথেনের জন্য সংগঠনটি দীর্ঘদিনের প্রতীক্ষিত নবায়নযোগ্য তাপ বাধ্যবাধকতা (রিনিউয়েবল হিট অবলিগেশন) দ্রুত চালু এবং অবকাঠামো, জলবায়ু ও প্রকৃতি তহবিল থেকে বায়োমিথেন মূলধন সহায়তা কর্মসূচি চায়: প্রথম ৫০ লাখ ইউরো বিনিয়োগে ৫০ শতাংশ ও বাকিতে ২৫ শতাংশ অনুদান, প্রকল্পপ্রতি সর্বোচ্চ ১ কোটি ইউরো। এর ভেতরে আলাদা ৩০ থেকে ৪০ লাখ ইউরো রাখার দাবি আছে খামারভিত্তিক সর্বোচ্চ ১৫টি বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণের জন্য, যা সংগঠনের মতে খামারের নিঃসরণ কমাবে, খামারির আয় বাড়াবে এবং গ্রামের মানুষকে বায়োগ্যাসের সুফল দেখাবে।
এ ছাড়া নবায়নযোগ্য তাপ সহায়তা কর্মসূচিতে বায়োমাসের শুল্কহার বাড়িয়ে বরাদ্দ অব্যাহত রাখা, দেশে উৎপাদিত তরল জৈবজ্বালানিতে খনিজ তেল কর ছাড় এবং বায়োমাস যন্ত্রে ভ্যাট ২৩ থেকে কমিয়ে হিট পাম্পের সমান ৯ শতাংশ করার দাবি জানিয়েছে তারা (সৌর প্যানেলে ভ্যাট শূন্য)। বায়ু দূষণ আইনের কঠিন জ্বালানি বিধিমালার আর্দ্রতার সীমা মানতে কাঠজ্বালানি উৎপাদকদের শুকানোর অবকাঠামো গড়ার জন্য মূলধন সহায়তার প্রস্তাবও রয়েছে।
অন্য দাবির মধ্যে আছে কেরোসিনসংক্রান্ত কোনো পদক্ষেপ যেন নবায়নযোগ্য জ্বালানিকে কর বা খরচে পিছিয়ে না দেয়, প্রস্তাবিত তেলচালিত বয়লার বদলের কর্মসূচিতে পেলেট, কাঠ ও জৈবজ্বালানির যন্ত্র অন্তর্ভুক্ত করা, জীবাশ্ম জ্বালানির যন্ত্র বদলে বায়োমাস যন্ত্র বসাতে গৃহস্থালি অনুদান, এবং নবায়নযোগ্য জ্বালানি প্রশিক্ষণ ও সরকারি সংস্থায় বাড়তি জনবলের বরাদ্দ।
আইআরবিইএ বায়োমাস, বায়োগ্যাস ও বায়োমিথেন, তরল জৈবজ্বালানি, বায়োচার, কাঠজ্বালানি ও জ্বালানি ফসলের খাতের প্রতিনিধিত্ব করে। ফিনানের ভাষায়, দেশীয় জৈবজ্বালানিতে সহায়তা আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাবে, জ্বালানি নিরাপত্তা জোরদার করবে এবং কৃষক, বনচাষি, গৃহস্থ, ব্যবসা ও গ্রামীণ জনগোষ্ঠীকে নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে অংশ নেওয়ার ন্যায্য পথ দেবে।
ছবি: Volker Thies (Asdrubal) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Agriland





মন্তব্য
(০)