ভারতের পশ্চিমবঙ্গ অংশের সুন্দরবনে পীরখালি ৬ এলাকায় সোমবার (২৩ নভেম্বর) পর্যটকদের চোখের সামনে পানি পেরিয়ে ধীরে ধীরে পাড়ে উঠেছে একটি রয়েল বেঙ্গল টাইগার। কলকাতার সংবাদ প্রতিদিনের প্রতিনিধি দেবব্রত মণ্ডল জানিয়েছেন, আটটি নৌকায় করে পর্যটকেরা সেখানে গিয়েছিলেন।
বাঘটিকে দেখে কেউ ক্যামেরায়, কেউ মোবাইলে ছবি তুলতে শুরু করেন। সায়ন সিংহ রায় নামের এক পর্যটকের ক্যামেরায় বাঘের পানি থেকে পাড়ে ওঠার মুহূর্তটি ধরা পড়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শীত পড়তেই সুন্দরবনে পর্যটকের ভিড় বাড়ে, আর এই সময়ে নদীর চরে রোদ পোহাতে আসা বাঘ মাঝে মাঝে পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ে। তবে অনেক সময়ই বাঘের দেখা না পেয়ে ফিরতে হয়।
কয়েকজন ট্যুর অপারেটর জানিয়েছেন, এত কাছ থেকে বাঘের ছবি সাধারণত ওঠে না; বেশির ভাগ ক্ষেত্রে দৃশ্যটি দেখা যায় অনেক দূর থেকে।
ছবি: Soumyajit Nandy / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: সংবাদ প্রতিদিন


মন্তব্য
(০)