সুন্দরবনের নদী-খালে বিষ দিয়ে মাছ ধরা ও সেই মাছ বাজারে তোলা বন্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে র্যালি ও পথসভা হয়েছে। কর্মসূচির তিন অঙ্গীকার: বিষ দিয়ে মাছ ধরব না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দেব না, বিষ দেওয়া মাছ কিনব না।
সোমবার (২৩ নভেম্বর) বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাব যৌথভাবে এটি আয়োজন করে; সহযোগিতায় ছিল কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও বারসিক। সুন্দরবনসংলগ্ন কলবাড়ী মৎস্য আড়ত থেকে র্যালি বেরিয়ে এলাকার সড়ক ঘুরে আসে।
পথসভায় বক্তারা বলেন, বিষ প্রয়োগে মাছের পোনা, ছোট-বড় মাছ, চিংড়ি, কাঁকড়াসহ জলজ প্রাণী মারা যাচ্ছে, নদী-খালের পানি দূষিত হচ্ছে, মাছের প্রজনন ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ব্যাহত হচ্ছে। বিষাক্ত মাছ জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করছে, আর মজুত কমায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত জেলেরা।
কলবাড়ী বাজার মৎস্য আড়তে বিষে ধরা মাছের কেনাবেচা, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধের আহ্বান জানানো হয়। সেই সঙ্গে এমন মাছ শনাক্ত করে বাজারে ঢোকা ঠেকানো, এ ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ এবং আইনানুগ ব্যবস্থার দাবি ওঠে। জেলে, মাছ ব্যবসায়ী, আড়তদার ও ক্রেতা সবার দায়িত্বশীল ভূমিকার কথা বলেন বক্তারা।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ পথসভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন মুন্না ও বারসিকের মফিজুর রহমানসহ অনেকে।
সূত্র: ঢাকা ট্রিবিউন




মন্তব্য
(০)