মাছ-মাংস ছাড়াও সবজি দিয়ে জমিয়ে তোলা যায় দুপুরের পাত। দেশ রূপান্তরে চারটি নিরামিষ পদের রেসিপি দিয়েছেন রুকমা দীক্ষা।
মরিচের ঝোল: লাগবে আলু ২টি, পটোল ৬টি, ঝিঙে ২টি, বেগুন ২টি, কুমড়া ২০০ গ্রাম, বরবটি ১০টি, কাটা লাউশাক ১ কাপ, কাঁচা মরিচ ৭টি, কালোজিরা ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ, চিনি ২ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, দুধ ১ কাপ, সরিষার তেল আধা কাপ ও ভাজা বড়ি ১০টি। তেলে বেগুন আর বড়ি ভেজে তুলে সেই তেলে কালোজিরা ও কাঁচা মরিচ ফোড়ন দিন। সব সবজি সাঁতলে লবণ, চিনি ও পানি দিয়ে ঢেকে রাঁধুন। সবজি সেদ্ধ হলে ভাজা বড়ি, বেগুন ও দুধ দিন; ঝোল একটু পাতলা থাকবে। নামানোর আগে কাঁচা মরিচ আর কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিন।
খইয়ের বড়া: খই ২ কাপ, নারকেল কোরা ১ কাপ, লবণ ও চিনি ১ চা-চামচ করে, কাঁচা মরিচকুচি ৩ চা-চামচ, কালোজিরা ১ চা-চামচ, চালের গুঁড়া ১ কাপ ও গ্রেট করা আদা ৩ চা-চামচ ভালো করে মেখে নিন, দরকারে সামান্য পানি দিন যাতে দলা পাকানো যায়। ছোট ছোট বড়া গড়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।
থোড়-কুমড়া: ৫০০ গ্রাম থোড় খুব ছোট করে কেটে লবণ-হলুদে হালকা সেদ্ধ করুন। ২০০ গ্রাম ডুমো কুমড়া চিনি ও লবণ মাখিয়ে ভেজে রাখুন। সিকি কাপ সরিষার তেলে জিরা ও তেজপাতা ফোড়ন দিয়ে ১ কাপ নারকেল কোরা ভাজুন। এতে ভিজিয়ে রাখা ৫০ গ্রাম গোবিন্দভোগ চাল, জিরা, আদা, হলুদ ও মরিচগুঁড়া দিয়ে মসলা কষিয়ে থোড় আর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রাঁধুন। থোড় ও চাল সেদ্ধ হলে ভাজা কুমড়া দিয়ে আরও কিছুক্ষণ রেখে ঘি, গরম মসলা ও কাঁচা মরিচ দিয়ে নামান।
মসলা ভরা বেগুন: ৬টি বেগুন বোঁটা রেখে চার ফালি করুন, তবে আস্ত থাকে যেন। নারকেল কোরা ১ কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, গুড় ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ও চাট মসলা ১ চা-চামচ মিশিয়ে চাটনি বানিয়ে বেগুনের ভেতর ভরে দিন, দরকারে সুতো দিয়ে বাঁধুন। ৪ টেবিল চামচ তেলে সরিষা ও এক চিমটি হিং ফোড়ন দিয়ে বেগুন দিন এবং ঢেকে অল্প আঁচে নরম হওয়া পর্যন্ত ভাজুন।
ছবি: Tanyadesigan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: দেশ রূপান্তর





মন্তব্য
(০)