গত এক দশকে দেশে কৃষি খাতে ঋণ বিতরণ দ্বিগুণের বেশি বেড়েছে, কিন্তু খেলাপি ঋণ বেড়েছে তার চেয়েও দ্রুত। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের ১৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ২০১৬-১৭ অর্থবছরে কৃষিঋণ বিতরণ ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা, যা গত অর্থবছরে প্রায় ৪৩ হাজার কোটি টাকায় উঠেছে। একই সময়ে খেলাপি ঋণ ৫ হাজার ২৪০ কোটি থেকে বেড়ে ১৮ হাজার ৫৭৮ কোটি টাকায় দাঁড়িয়েছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মিলে ১১ হাজার ১৩১ কোটি টাকার কৃষিঋণ দিয়েছে, যা আগের বছরের একই সময়ের ৮ হাজার ৭৯০ কোটি টাকার চেয়ে প্রায় ২৭ শতাংশ বেশি। এর মধ্যে ৫৮টি ব্যাংক দিয়েছে ১০ হাজার ৮৩৬ কোটি, আর বিআরডিবি ২৯৪ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ২ শতাংশ কম। প্রতিবেদনে ব্যাংকগুলোর ৬০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে এই বিতরণকে ১৮ শতাংশ হিসেবে দেখানো হয়েছে।
প্রথম তিন মাসে সবচেয়ে বেশি, প্রায় ২ হাজার ৪৪৮ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এরপর ইসলামী ব্যাংক প্রায় ৮৮৮ কোটি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ৭৬৮ কোটি টাকা। শীর্ষ দশে আরও আছে সিটি, পূবালী, সোনালী, ব্র্যাক, ইউসিবি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও প্রাইম ব্যাংক।
খাতভিত্তিক হিসাবে বড় অংশ গেছে ফসল উৎপাদনে, প্রায় ৫ হাজার ৭০ কোটি টাকা বা মোটের ৪৭ শতাংশ। প্রাণিসম্পদ ও পোলট্রি পেয়েছে ৩ হাজার ২৫৩ কোটি (৩০ শতাংশ), মৎস্য ১ হাজার ৩৮৮ কোটি (প্রায় ১৩ শতাংশ)। সেচ ও কৃষি সরঞ্জামে মিলিয়ে গেছে মাত্র ৯১ কোটি টাকা, আর শস্য সংরক্ষণ ও বিপণনে ৩১ কোটি টাকা। অকৃষি পল্লি খাতে ঋণ গেছে ১ হাজার ৩ কোটি টাকা।
প্রতিবেদনটি নিউজবাংলা২৪-এর নিজস্ব প্রতিবেদকের।
সূত্র: নিউজবাংলা২৪



মন্তব্য
(০)