সবজি উৎপাদনে দেশের শীর্ষস্থান ধরে রেখেছে যশোর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, গত এক বছরে জেলায় ৪০ হাজার ২৫০ হেক্টর জমিতে প্রায় ৮ লাখ ৮৫ হাজার মেট্রিক টন সবজি হয়েছে। কেজিপ্রতি গড় ৩০ টাকা ধরে এর বাজারমূল্য প্রায় ২ হাজার ৬৫৫ কোটি টাকা। জেলায় সবজি চাষের সঙ্গে সরাসরি যুক্ত ১ লাখ ১৬ হাজার ৭৩৫ জন কৃষক।
তিন মৌসুমেই সবজি হয়: রবিতে ১৯ হাজার ৭৫০ হেক্টরে ৪ লাখ ৬৪ হাজার ১২৫ টন, খরিপ-১-এ ১২ হাজার ৫৫০ হেক্টরে ২ লাখ ৬৯ হাজার ৮২৫ টন এবং খরিপ-২-এ ৭ হাজার ৯৫০ হেক্টরে ১ লাখ ৫১ হাজার ৫০ টন। জেলার প্রায় ৩০ লাখ মানুষের বছরে চাহিদা ৪ লাখ টন; বাকি প্রায় ৫ লাখ টন যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়।
সদর উপজেলার চূড়ামনকাটি, সাতমাইল, হৈবতপুর, কাশিমপুর, আব্দুলপুর ও বাগাডাঙ্গা প্রধান সবজি এলাকা; বাঘারপাড়া ও মণিরামপুরেও বড় পরিসরে চাষ হয়। জেলায় এখন প্রায় ৩৯ ধরনের সবজি হচ্ছে, ফুলকপি-বাঁধাকপি থেকে ক্যাপসিকাম ও মটরশুঁটি পর্যন্ত। সাতমাইল-বারিনগরে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় পাইকারি সবজির হাট, যেখান থেকে ট্রাকভর্তি সবজি যায় ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে।
চারা উৎপাদনেও যশোর এগিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আব্দুলপুর ও আশপাশে এ মৌসুমে তিন শতাধিক কৃষক প্রায় আট হেক্টরে প্রায় ৩০ কোটি সবজির চারা উৎপাদন করছেন, যার আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।
হৈবতপুরের নাটুয়াপাড়ার কৃষক শ্যামল বিশ্বাস (৫৬) ১৯৯৭ সালে দুই বিঘায় কালো বেগুন দিয়ে শুরু করেছিলেন। এখন তিন শতকের নার্সারিতে চারা উৎপাদন করে নিজে ব্যবহারের পাশাপাশি অন্যদের কাছে বিক্রি করেন, আর মাসে দুই থেকে তিন টন কেঁচো সার বিক্রি করে বাড়তি আয় করেন। প্রতিবেদনটি এগ্রিকেয়ার২৪-এর ডেস্কের।
সূত্র: এগ্রিকেয়ার২৪



মন্তব্য
(০)