নেদারল্যান্ডসের কীটনাশক কর্তৃপক্ষ সিটিজিবি (Ctgb) ফ্লুডিঅক্সোনিলযুক্ত ছত্রাকনাশক পিচারের (Pitcher) অনুমোদন প্রত্যাহার করেছে। একটি অন্তর্বর্তী সময়ের পর ২০২৭ সালের মে থেকে দেশটিতে এটি আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে গ্লোবাল এগ্রিকালচার।
সিটিজিবির সিদ্ধান্তের ভিত্তি ইউরোপীয় খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের (ইএফএসএ) ২০২৪ সালের সিদ্ধান্ত: ফ্লুডিঅক্সোনিল ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ডে 'এন্ডোক্রাইন ডিসরাপ্টর', অর্থাৎ খুব কম মাত্রাতেও শরীরের হরমোন ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে; অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের নিয়ে উদ্বেগ বেশি। বদ্ধ ব্যবস্থায় প্রয়োগ বা নগণ্য সংস্পর্শের যে ছাড় আছে, পিচার তার আওতায় পড়ে না বলে সিটিজিবি জানিয়েছে।
ঘটনার শুরু ২০১৯ সালে, যখন পেস্টিসাইড অ্যাকশন নেটওয়ার্ক (প্যান) ইউরোপ সিটিজিবির আগের এক অনুমোদনের বিরুদ্ধে আপিল করে। মামলাটি ইউরোপীয় ইউনিয়নের বিচার আদালত পর্যন্ত গড়ায়। আদালত রায় দেন, অনুমোদনের সিদ্ধান্তে জাতীয় কর্তৃপক্ষকে কোনো সক্রিয় উপাদানের বিষাক্ততা নিয়ে সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য বিবেচনা করতে হবে, প্রথম অনুমোদনের সময়ের মূল্যায়নে আটকে থাকলে চলবে না। এরপর ডাচ আদালত সিটিজিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার নির্দেশ দেয়।
ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে ফ্লুডিঅক্সোনিল এখনও অনুমোদিত, এন্ডোক্রাইন ডিসরাপ্টর হিসেবে চিহ্নিত আরও এগারোটি উপাদানও। নেদারল্যান্ডসে ফ্লুডিঅক্সোনিলযুক্ত আরও ২৩টি কৃষি ও উদ্যান পণ্য বাজারে আছে; প্যান নেদারল্যান্ডস মোট প্রায় ৫০টি পণ্য প্রত্যাহারের আবেদন করেছে। ১২-১৩ নভেম্বরের সভায় ইউরোপীয় কমিশনের উদ্ভিদ, প্রাণী, খাদ্য ও খাদ্যপণ্য বিষয়ক স্থায়ী কমিটির আলোচ্যসূচিতে ফ্লুডিঅক্সোনিলসহ আরও এমন কীটনাশকে বিধিনিষেধের প্রশ্ন আছে, তবে ভোটের প্রস্তাব এখনও ওঠেনি।
প্যান ইউরোপের জ্যেষ্ঠ রাসায়নিক কর্মকর্তা হান্স মুইলারম্যান (Hans Muilerman) বলেন, ইইউ আইনে নতুন বিজ্ঞান বিবেচনা বাধ্যতামূলক, আরও অনেক ফ্লুডিঅক্সোনিল পণ্য প্রত্যাহার করা দরকার। সংগঠনটির বিজ্ঞান ও নীতিপ্রধান অ্যাঞ্জেলিকি লিসিমাখু (Angeliki Lyssimachou) বলেন, কোনো উপাদান এন্ডোক্রাইন ডিসরাপ্টর প্রমাণিত হলে আইন অনুযায়ী তা নিষিদ্ধ করতে হয়; ২০১৫ সালের এক হিসাবে এমন রাসায়নিকের কারণে ইউরোপীয় ইউনিয়নে বছরে স্বাস্থ্য খরচ ১৫,৭০০ কোটি ইউরোর বেশি।
ছবি: FaceMePLS / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: গ্লোবাল এগ্রিকালচার




মন্তব্য
(০)