নাইজেরিয়ার উত্তরাঞ্চলে যে কৃষকেরা ফোনে কৃষি পরামর্শ দেওয়া প্ল্যাটফর্ম ক্রপটুক্যাশ (Crop2Cash) ব্যবহার করেছেন, তাঁরা একই রকম অন্য কৃষকদের চেয়ে ফসলের বেশি অংশ বিক্রি করেছেন এবং বিক্রি থেকে বেশি আয় করেছেন। তবে তাঁদের উৎপাদন বাড়েনি। আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা প্রতিষ্ঠান ইফপ্রির (IFPRI) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
গবেষকেরা কাদুনা (Kaduna), জিগাওয়া (Jigawa) ও নাইজার (Niger) রাজ্যের ১,২৭৬ জন ক্রপটুক্যাশ ব্যবহারকারীকে একই ধরনের ৫৪৫ জন অব্যবহারকারীর সঙ্গে তুলনা করেছেন এবং ২৩টি দলীয় আলোচনায় ১৭২ জন কৃষকের কথা শুনেছেন। সিজিআইএআরে প্রকাশিত লেখায় ইফপ্রির গবেষক ক্যাথরিন রাগাসা (Catherine Ragasa) ও ওপেয়েমি ওলানরেওয়াজু (Opeyemi Olanrewaju) লিখেছেন, তাঁরা ভেবেছিলেন ব্যবহারকারীরা বেশি ফলাবেন, কিন্তু দেখা গেল তাঁরা বেশি বিক্রি করছেন। ব্যবহারকারীদের ফলন ও চাষপদ্ধতি তেমন বদলায়নি; লাভ এসেছে বাজার থেকে।
ক্রপটুক্যাশ নাইজেরিয়ার একটি কৃষি-আর্থিক প্রযুক্তি (এগ্রিফিনটেক) প্রতিষ্ঠান। এর পরামর্শ আসে তিন পথে, যার সবই সাধারণ ফিচার ফোনে চলে: এসএমএস, মাঠকর্মী এবং ন্যাশনাল হটলাইন ফর অ্যাগ্রিকালচার নামের একটি টোল-ফ্রি নম্বর। ওই নম্বরে কৃষক হাউসা, ইংরেজি বা ইওরুবা ভাষায় মুখে প্রশ্ন করেন, আর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত একটি ভয়েস ব্যবস্থা উত্তর দেয়। পরামর্শের সঙ্গে আছে ফোনে বীজ ও সার অর্ডারের বাজার, মোবাইল ওয়ালেট এবং ঋণ পেতে সাহায্য করে এমন ক্রেডিট স্কোরিং।
কৃষকেরা কৃতিত্ব দিয়েছেন ভালো বীজ, ফসল সংরক্ষণের পরামর্শ আর মানসম্পন্ন পণ্যের জন্য বাড়তি দাম দেওয়া ক্রেতাদের সঙ্গে যোগাযোগকে। এক কৃষক দলীয় আলোচনায় বলেন, "ভালো মানের পণ্য বাজারে নিয়ে যেতে হয় না, ক্রেতারাই খুঁজে খুঁজে চলে আসেন।"
বেশির ভাগ ব্যবহারকারী অবশ্য এআই হটলাইন ব্যবহার করেননি। পরামর্শ পাওয়া ৯৯৮ জনের মধ্যে ৫০৬ জন পেয়েছেন এসএমএসে, ২৩৯ জন হটলাইনে ফোন করেছেন, আর ২৫৩ জন পেয়েছেন শুধু মাঠকর্মী বা গ্রাহকসেবা লাইন থেকে।
গবেষকেরা বলছেন, ডিজিটাল পরামর্শসেবার মূল্য কেবল উৎপাদনের সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়, কৃষক কীভাবে ফসল বাজারজাত ও বিক্রি করেন সেখানেও তা কাজে আসে। তাঁদের মতে, এমন সেবার নকশা করতে হবে কৃষক যা মূল্য দেন তা ঘিরে, আর সাফল্য মাপতে হবে নিবন্ধন, ডাউনলোড বা কলের সংখ্যায় নয়, কৃষকের আয়, বিক্রি ও নিয়মিত ব্যবহারে।
সূত্র: সিজিআইএআর (CGIAR)




মন্তব্য
(০)