পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণ, ফসলি জমির উৎপাদন বৃদ্ধি এবং কৃষিকে লাভজনক করতে দেশব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার। পানি সম্পদ মন্ত্রণালয়সহ স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দাড়ারহাট এলাকায় একটি প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, কৃষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ফসলি জমির উৎপাদন বাড়ানোই সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে কৃষকদের জন্য লাভজনক একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। দেশব্যাপী এসব প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার।
তিনি বলেন, এই প্রকল্পের আওতায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি উন্নয়ন বোর্ড পঞ্চগড়ের বাস্তবায়নে ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরন, ৮৪টি আউটলেট ও পাম্প হাউজ পুনবার্সন কাজে ব্যয় হবে ১৯ কোটি ১৪ লক্ষ ৫৩ হাজার টাকা। এ প্রকল্পে উপজেলার দণ্ডপাল, দেবীডুবা ও সুন্দরদিঘী ইউনিয়নের ৭ হাজারের অধিক সুবিধাভোগী এ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, প্রকল্পে দীর্ঘ ক্যানেলে বাঁধ পুনরাকৃতিকরন, সিসি ক্যানেল লাইনিং কাজ, পাম্প হাউজ পুনর্বাসন, আউটলেট পুনর্বাসন, কালভার্ট নির্মাণ, এ্যাকুইডাক্ট নির্মাণ, মোটর ও পাম্প স্থাপন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালক পীষুয কৃঞ্চ কুন্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপ-প্রধান সম্প্রসারণ অফিসার রফিউল বারী, উপ-বিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা উপস্থিত ছিলেন।
সফিকুল আলম/এসজেডএইচ/জেআইএম

মন্তব্য
(০)