মোছা. সুমাইয়া আফরিন
কৃষক শুধু একটি পেশাজীবী গোষ্ঠী নয়। এ দেশের চালিকাশক্তি। গ্রামীণ অর্থনীতির ভিত্তি ও সংস্কৃতির বাহক। কৃষক আছে বলেই দেশ এখন অন্নে স্বয়ংসম্পূর্ণ। তবে এই স্বয়ংসম্পূর্ণতার পেছনে রয়েছে অনেক আত্মগ্লানি ও আত্মত্যাগ। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও মৌলিক পেশা হচ্ছে কৃষি। তবে বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতা হলো, যে কৃষক দেশকে অন্নে পরিপূর্ণতা দেয়; সেই কৃষক আজ নিজে অভাব-অনটন, ধার-দেনা, ঋণে জর্জরিত। কৃষক শোষণের ইতিহাস বেশ প্রাচীন। পূর্বে রাজা বা জমিদাররা শোষণ করত। বর্তমানে অজ্ঞতার কারণে তথ্যপ্রযুক্তির যুগে আধুনিক যান্ত্রপাতি ব্যবহার করতে না পারার কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এমনকি কৃষকেরা তাদের ন্যায্য পারিশ্রমিকও পাচ্ছেন না।
দিনদিন মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কৃষির উৎপাদন খরচ বৃদ্ধি করছে। কিন্তু সেই তুলনায় কৃষকের পারিশ্রমিক বৃদ্ধি পাচ্ছে না। ধান চাষে প্রতি বিঘায় উৎপাদন ব্যয় হয় প্রায় ২৫-৩০ হাজার টাকা। কিন্তু ন্যূনতম মুনাফা অনেক ক্ষেত্রেই ৫-১০ হাজার টাকার নিচে। অনেক সময় লোকসানও হয়। আগে কৃষককে লাঙল, কাস্তে, প্রাকৃতিক বৃষ্টি, এসবের ওপর নির্ভর করতে হতো। এখন আধুনিকায়নের ফলে কৃষিকাজ অনেকটা সহজ হয়েছে। প্রযুক্তির সুবিধা বেড়েছে ঠিকই কিন্তু বৈষম্য রয়ে গেছে। এসব যন্ত্রপাতি কেনা বাংলার প্রান্তিক কৃষকদের পক্ষে প্রায় অসম্ভব। আর ভাড়াকৃত যন্ত্রপাতি ব্যবহার উৎপাদন ব্যয় বৃদ্ধি করে।
ফলে আধুনিক কৃষিযন্ত্র ও প্রযুক্তি কৃষকের নাগালের বাইরে থেকে যাচ্ছে। দেশের মাত্র ২ শতাংশ কৃষকের নিজস্ব কৃষিযন্ত্র আছে। বাকি ৯৮ শতাংশ ভাড়ার যন্ত্রের ওপর নির্ভরশীল। অত্যধিক কৃষি খরচ বহন করা প্রান্তিক কৃষকদের পক্ষে সম্ভব নয়। ফলে তারা ঋণ গ্রহণ করতে বাধ্য হন। তারা ব্যাংকের নিয়মকানুন অর্থাৎ কাগজপত্রের ঝামেলা এড়াতে গ্রামের মহাজন বা ধনী ব্যক্তিবর্গের দ্বারস্থ হয়। এই ঋণ কখনো কখনো চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, যা একজন কৃষককে সর্বস্বান্ত করে দেয়।
একজন কৃষক মাঠপর্যায়ে যে সবজি ৫-১০ টাকা কেজিতে বিক্রি করেন। তা শহরে এসে বৃদ্ধি পেয়ে ৪০-৫০ টাকা দরে বিক্রি হয়ে থাকে। বীজ, সার, কীটনাশক, সেচ, জ্বালানি, শ্রমিকদের মজুরি ইত্যাদি বেড়ে গেলে কৃষকের লাভ কমে যায়। এমন অবস্থায় কৃষক কৃষিকাজে অনাগ্রহী হয়ে পড়েন এবং নতুন কর্মসংস্থানের দিকে ঝোঁকেন। তারা কৃষিকাজ বাদ দিয়ে শহরমুখী হচ্ছেন। যা শহরের জনদুর্ভোগ বৃদ্ধি করছে। শহরে কর্মসংস্থানের তুলনায় জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। লাগামহীন হকার ব্যবসায় নিয়োজিত হচ্ছেন। যা ব্যাপক যানজটের সৃষ্টি করছে।
বর্তমানে গ্রামাঞ্চলে ধান কেটে ঘরে তোলার মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়। তাদের আকাশচুম্বী পারিশ্রমিক একজন প্রান্তিক কৃষককে হতাশার দিকে ঠেলে দেয়। কয়েক বছর আগেও যেখানে ৪০০-৫০০ টাকায় দিনমজুর পাওয়া যেত; সেখানে এখন ৮০০-১০০০ টাকা গুনতে হচ্ছে একজন কৃষককে। সময়ের ব্যবধানে খরচ বৃদ্ধি পেয়েছে ঠিকই কিন্তু প্রান্তিক পর্যায়ের কৃষকের কাঙ্ক্ষিত উন্নতি সাধন হচ্ছে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৪২ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। গ্রামীণ জনগোষ্ঠীর প্রায় ৭০ শতাংশ মানুষ সরাসরি কৃষিকাজে নিয়োজিত। অর্থাৎ তাদের জীবিকার একমাত্র অবলম্বন হচ্ছে কৃষিকাজ। তাই কৃষক বাঁচাও। তাহলেই দেশ বাঁচবে। এর জন্য প্রথমত কৃষককে প্রাপ্য মূল্য দিতে হবে। স্বল্প সময়ে ও খরচে উপযুক্ত পরিমাণ সারের ব্যবস্থা করে দিতে হবে। ব্যাংক ঋণ ব্যবস্থা সহজ করতে হবে। কৃষি বিপণন ব্যবস্থা সহজ করতে হবে। কৃষিপণ্য পরিবহনে যাতায়াতের খরচ হ্রাস করতে হবে। কৃষককে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক যান্ত্রপাতি যেমন- ট্রাক্টর, সেচপাম্প, কম্বাইন্ড হারভেস্টার ইত্যাদি ব্যবহারে উৎসাহিত করতে হবে।
কেননা কৃষকের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হলে তবেই দেশের অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে। পাশাপাশি কৃষকেরা যখন তাদের ন্যায্য মজুরি পাবেন; তখন অন্যরাও এ পেশায় আসতে উৎসাহিত হবেন।
লেখক: শিক্ষার্থী, দর্শন বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা।



মন্তব্য
(০)