শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া অগ্ন্যাশয়ের ক্যানসারে ‘ড্যারাক্সনরাসিব’ নামের একটি নতুন ওষুধ প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় আশাব্যঞ্জক ফল দেখিয়েছে। কেমোথেরাপির সঙ্গে দৈনিক এই ওষুধ সেবন করা ৬১ জন রোগীর প্রায় ৯০ শতাংশের টিউমার বাড়া থেমেছে, ৬০ শতাংশের কিছু বেশি রোগীর টিউমার ছোট হয়েছে বা অদৃশ্য হয়েছে, আর প্রায় ১২ শতাংশের সিটি স্ক্যানে ক্যানসার শনাক্ত হয়নি।
ক্যানসার রিসার্চ ইউকে ফলাফলকে অগ্ন্যাশয় ক্যানসার চিকিৎসায় ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ বলেছে। সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, ওষুধটি এমন এক সমস্যার সমাধানের পথ দেখিয়েছে, যা এত দিন ওষুধে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব মনে করা হতো।
ড্যারাক্সনরাসিব লক্ষ্যভিত্তিক ক্যানসারবিরোধী ওষুধ। এটি আরএএস নামের নির্দিষ্ট জিনগত পরিবর্তনকে লক্ষ্য করে কাজ করে, যা অগ্ন্যাশয়ের বেশির ভাগ ক্যানসারে থাকে এবং টিউমারের বৃদ্ধি ও বিস্তারে ভূমিকা রাখে। ফুসফুস ও ডিম্বাশয়ের ক্যানসারসহ আরও কয়েক ধরনের ক্যানসারে একই পরিবর্তন দেখা যায়, তাই সেগুলোর চিকিৎসাতেও ওষুধটি কাজে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
গবেষণায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে, এ সময়ে কারও কারও ক্যানসার ফিরে আসেনি। যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যানসার সেন্টারের চিকিৎসক উংকি পার্ক বলেন, টিউমারের ওপর প্রভাব বাড়ার পাশাপাশি রোগ নিয়ন্ত্রণে রাখার সময়ও প্রায় দ্বিগুণ হওয়ার ইঙ্গিত মিলছে। ফলাফল উপস্থাপনের সম্মেলনের সভাপতি অধ্যাপক এলেনা গারালদা বলেন, এই সম্মিলিত চিকিৎসা রোগীদের বেঁচে থাকার সময় এবং টিউমার আবার বাড়ার আগের সময় দুটোই বাড়াতে পারে।
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসা খুবই কঠিন। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে এতে বেঁচে থাকার হার সবচেয়ে কম; কেমোথেরাপিতে টিউমার কিছুটা কমলেও প্রায়ই আবার ছড়ায়, আর অগ্রসর পর্যায়ের বেশির ভাগ রোগী বছর নয়, কয়েক মাস বাঁচেন।
তবে চিকিৎসকেরা সতর্ক করেছেন, ওষুধটি কত দিন রোগ ঠেকিয়ে রাখতে পারবে তা এখনো নিশ্চিত নয়, এটি নিরাময়ও নয়। স্ক্যানে ক্যানসার দেখা না গেলেই রোগী পুরোপুরি ক্যানসারমুক্ত, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না; এ জন্য দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ ও আরও গবেষণা দরকার।
ছবি: Goleisureintl / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
সূত্র: আমার দেশ




মন্তব্য
(০)