জিন সম্পাদনা না করে ফসলের কাঙ্ক্ষিত গুণ খুঁজে বের করার প্রযুক্তিতে ২ কোটি ইউরো বিনিয়োগ পেয়েছে ডেনমার্কের বায়োটেক স্টার্টআপ ট্রেইটমিক (Traitomic)। সিরিজ এ পর্বের এই অর্থ যাবে তাদের 'ফাইন্ড-ইট' (FIND-IT) প্ল্যাটফর্মের সম্প্রসারণে। বিয়ার কোম্পানি কার্লসবার্গ থেকে আলাদা হওয়ার পর এটিই প্রতিষ্ঠানটির প্রথম বাইরের বিনিয়োগ।
ক্রিসপারের মতো প্রযুক্তি ডিএনএতে নির্দিষ্ট পরিবর্তন ঘটায়। ফাইন্ড-ইট সেটা করে না; প্রচলিত পদ্ধতিতে প্রজনন করা বিশাল উদ্ভিদ বা অণুজীব জনগোষ্ঠীর মধ্যে প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া মিউটেশন খুঁজে বের করে, যা কাঙ্ক্ষিত গুণ দেয়। কোম্পানির যুক্তি, এতে প্রজননকারী ও খাদ্য কোম্পানিগুলো প্রচলিত প্রজননের পথেই থাকতে পারে, যা বেশির ভাগ বাজারে নিয়ন্ত্রক সংস্থা ও ক্রেতারা মেনে নেয়। সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী গুস্তাভ হামব্রেউস বলেন, সঠিক জিনগত পরিবর্তন তৈরি করার চেয়ে খুঁজে পাওয়া অনেক সময় বেশি মূল্যবান।
কোম্পানির দাবি, এ পর্যন্ত গ্রাহকের চাহিদা অনুযায়ী ৩২টি জীবের ১১৬টি গুণ তারা সরবরাহ করেছে, ফসল ও খাদ্য উপাদান থেকে শিল্পে ব্যবহৃত অণুজীব পর্যন্ত। কৃষিতে সবচেয়ে বেশি চাহিদা এসেছে ডাল, তেলবীজ ও বিশেষ ফসলে: লুপিন, মটর, শিম, ওট ও ক্যানোলা। উদ্ভিদ প্রজননকারীরা চাইছেন খরা সহনশীলতা, রোগ প্রতিরোধ এবং সার ও অন্যান্য উপকরণের দক্ষ ব্যবহার।
প্রযুক্তিটির বড় দাবি গতি। হামব্রেউস জানান, যে ফসলের জন্য ফাইন্ড-ইট প্ল্যাটফর্ম আগে থেকেই তৈরি, সেখানে একটি গুণ খুঁজে, যাচাই করে হস্তান্তর করতে প্রায়ই চার থেকে আট সপ্তাহ লাগে। কিনোয়া নিয়ে তাদের প্রথম প্রকল্প শুরু থেকে শেষ হতে ১০ মাসেরও কম লেগেছিল।
তবে এসব গুণের বেশির ভাগ এখনো কৃষকের মাঠে পৌঁছায়নি। হামব্রেউস বলেন, গুণ সরবরাহ আর বাজারে আনা আলাদা ধাপ; পরীক্ষা, উৎপাদন বাড়ানো ও বাজারজাত করেন গ্রাহকেরা, আর উদ্ভিদে সে প্রক্রিয়ায় সময় লাগে। অণুজীবে চক্র ছোট, তাই কিছু অণুজীবভিত্তিক পণ্য এরই মধ্যে বাজারে এসেছে।
তিনি জানান, ফাইন্ড-ইট জিন সম্পাদনার বিকল্প হিসেবে নয়, পাশাপাশি একটি পথ হিসেবে ভাবা হয়েছে, যাতে বিশ্বের কিছু অঞ্চলে জিন সম্পাদিত ও জিএম পণ্য ঘিরে থাকা নিয়ন্ত্রক ও বাজারের অনিশ্চয়তা এড়ানো যায়। প্রযুক্তিটির শুরু কার্লসবার্গ রিসার্চ ল্যাবরেটরিতে, বিয়ার তৈরির বার্লি উন্নত করতে। তবে ট্রেইটমিক এখন আর বার্লি বা বিয়ার প্রস্তুতকারকদের নিয়ে কাজ করছে না।
প্রতিবেদন: অলিভার মরিসন, এজিনেভিগেটর।
ছবি: Krzysztof Ziarnek, Kenraiz / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: AgNavigator





মন্তব্য
(০)