প্রাণীর কল্যাণ নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। শনিবার (৩ অক্টোবর) বিশ্ব প্রাণিকল্যাণ দিবস উপলক্ষে সিভাসুতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিভাসুর যেকোনো উদ্যোগে সিটি করপোরেশনের পূর্ণ সহযোগিতা থাকবে।
মেয়র সিটি করপোরেশনের প্রাণিবান্ধব পদক্ষেপগুলোতেও সিভাসুর সহযোগিতা চান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মিলে কাজ করলে প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘তাদের চোখে বিশ্বকে দেখুন’। বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগ দিনটি উদযাপনের আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের শোভাযাত্রা দিয়ে কর্মসূচি শুরু হয়।
এরপর পোস্টার গ্যালারি উদ্বোধন ও বিভাগের তথ্যচিত্র প্রদর্শনী হয়। ‘প্রাণিকল্যাণ: বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম। অনুষ্ঠানে ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার ক্লাব’-এর যাত্রা শুরু হয় এবং প্রাণিকল্যাণ বুলেটিন ও এমএস থিসিসের সারসংক্ষেপের মোড়ক উন্মোচন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দীন এবং ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মো. আহসানুল হক। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমির হোসেন সৈকত। শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, হাতে আঁকা পোস্টার ও প্রামাণ্যচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
প্রতিবেদনটি বাংলানিউজের চট্টগ্রামের সিনিয়র করেসপন্ডেন্টের পাঠানো খবর অবলম্বনে।
ছবি: Rafi Bin Tofa / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: বাংলা নিউজ ২৪



মন্তব্য
(০)