পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে অজানা এক জন্তুর হামলায় আহত হয়েছে অন্তত ৫০টি গরু ও ছাগল। কয়েক দিন ধরে গোয়ালতোড় থানার ভেদুয়া মজুরিপাড়ার বাসিন্দারা দেখছেন, গোয়ালে রাখা পশুদের শরীরজুড়ে আঁচড় ও কামড়ের দাগ। কোন জন্তু এ কাজ করছে, কেউ তা দেখতে পাননি বলে জানিয়েছে কলকাতার সংবাদ প্রতিদিন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খবর পেয়ে গ্রামে যান গড়বেতার বিধায়ক প্রদীপ লোধা। এরপর বন দপ্তর এবং প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে আহত গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান শুরু করে।
হামলাকারী জন্তুটি কী, বন দপ্তর এখনো নিশ্চিত করে কিছু জানায়নি। এলাকাবাসীর ধারণা, এটি হায়না। পাশের গ্রামগুলোতে মাইকিং করে বাসিন্দাদের সতর্ক করছে বন দপ্তর, আর যেসব পশুকে কামড়ানো বা আঁচড়ানো হয়েছে সেগুলোর দুধ পান না করতেও মাইকে বলা হচ্ছে।
প্রশাসন জানিয়েছে, আক্রান্ত গবাদিপশুকে আগামী এক মাস ধরে টিকা দেওয়া হবে। জন্তুটিকে দ্রুত ধরে এলাকার স্বাভাবিক অবস্থা ফেরানোর দাবি জানিয়েছেন ভেদুয়া মজুরিপাড়া ও আশপাশের গ্রামের বাসিন্দারা। প্রতিবেদনটি করেছেন সংবাদ প্রতিদিনের সম্যক খান।
ছবি: Arne Hückelheim / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: সংবাদ প্রতিদিন





মন্তব্য
(০)