দাবানল মোকাবিলায় রাজনৈতিক প্রতিশ্রুতিকে মাঠের কাজে রূপ দিতে 'আন্তালিয়া অ্যাকশন প্ল্যান অন ইন্টিগ্রেটেড ফায়ার ম্যানেজমেন্ট' সমর্থন করেছে ২৩টি দেশ। তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এই সমর্থন আসে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১৬ নভেম্বর একে স্বাগত জানিয়েছে।
পরিকল্পনার নেতৃত্বে আছে কপ৩১-এর সভাপতি দেশ তুরস্ক, সহ-নেতৃত্বে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। এফএও এতে সহায়তা দিচ্ছে তাদের আয়োজিত গ্লোবাল ফায়ার ম্যানেজমেন্ট হাবের মাধ্যমে, সঙ্গে আছে ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট লিডার্স পার্টনারশিপ। হাবের সচিবালয়ই নতুন পরিকল্পনার সচিবালয় হিসেবে কাজ করবে।
সমস্যার মাত্রা বোঝা যায় এফএওর হিসাবে। ২০২৫ সালের বৈশ্বিক বনসম্পদ মূল্যায়ন অনুযায়ী, ২০০৭-২০১৯ সময়ে প্রতিবছর গড়ে ২৬ কোটি ১০ লাখ হেক্টর জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রায় অর্ধেক বনভূমি। জলবায়ু পরিবর্তন ও ভূমি ব্যবহারের পরিবর্তনে এই শতাব্দীর শেষ নাগাদ চরম অগ্নিকাণ্ড ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ধোঁয়া ও আগুনজনিত দূষণ সীমানা পেরিয়ে মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের ক্ষতি করে।
এফএওর সহকারী মহাপরিচালক ও বন বিভাগের পরিচালক ঝিমিন উ (Zhimin Wu) বলেন, দাবানলের ঝুঁকি এত বড় ও জটিল যে কোনো দেশ একা এর সমাধান করতে পারবে না। তাঁর মতে, প্রতিরোধ, সম্প্রদায়ের উদ্যোগ, প্রযুক্তি ও ভূদৃশ্য ব্যবস্থাপনার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা এক জায়গায় আনাই এই পরিকল্পনার মূল্য।
পরিকল্পনার চারটি লক্ষ্য: আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বিজ্ঞান ও স্থানীয় জ্ঞান দিয়ে আগুনের ঝুঁকি কমানো, ভূদৃশ্যের অভিযোজনমূলক ব্যবস্থাপনা, এবং বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য অগ্নি ব্যবস্থাপনার সম্পদে নাগাল বাড়ানো। জি৭-এর কানানাস্কিস দাবানল সনদ ও বেলেম আহ্বানের মতো আগের অঙ্গীকারগুলোও আগুন লাগার পর ছুটে যাওয়ার বদলে প্রতিরোধ ও প্রস্তুতির দিকে যাওয়ার কথা বলেছে।
যোগ দেওয়া দেশগুলো নিজেদের নেওয়া পদক্ষেপ একে অপরকে জানাবে, পরস্পরের কাছ থেকে শিখবে এবং আগে থেকেই থাকা সরঞ্জাম কাজে লাগাবে, যাতে বিচ্ছিন্ন জাতীয় উদ্যোগ একটি সমন্বিত বৈশ্বিক উদ্যোগে পরিণত হয়। আন্তালিয়ায় সমন্বিত অগ্নি ব্যবস্থাপনায় প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কপ৩১-এর এক উচ্চপর্যায়ের সংলাপে পরিকল্পনাটি উন্মোচন করা হয়।
ছবি: এফএও/রবার্তো ফাইদুত্তি
সূত্র: এফএও নিউজরুম




মন্তব্য
(০)