খড় ও ঘাসের গাঁট বাঁধার প্লাস্টিকের দড়ি (বেলার টোয়াইন) খুলে ফেলার পর তা কোথায় যাবে, খামারিদের কাছে এটা পুরোনো ঝামেলা। কানাডার ম্যানিটোবা প্রদেশে এবার সেই দড়ি পুনর্ব্যবহারে উৎসাহ দিতে প্রথমবারের মতো গ্রেট টোয়াইন রাউন্ড-আপ প্রতিযোগিতা শুরু করেছে ক্লিনফার্মস (Cleanfarms)। চলবে ২০২৬ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত।
অংশগ্রহণকারীরা ব্যবহৃত পরিষ্কার দড়ি ব্যাগে ভরে ম্যানিটোবার নির্ধারিত ক্লিনফার্মস সংগ্রহকেন্দ্রে জমা দেবেন, তারপর ব্যাগের সঙ্গে একটি সেলফি তুলে যোগাযোগের তথ্যসহ প্রতিযোগিতার ওয়েবসাইটে পাঠাবেন। প্রতিটি বৈধ জমা চারটি ৩ হাজার ডলারের পুরস্কারের একটি জেতার সুযোগ। টাকা যাবে বিজয়ীর পছন্দের স্থানীয় ফোর-এইচ (4-H) যুব ক্লাব বা ম্যানিটোবার কোনো কৃষি দাতব্য সংস্থায়; মোট ১২ হাজার ডলার।
গবাদিপশু ও পশুখাদ্যের খামারে এই দড়ি প্রতিদিনের জিনিস। প্রতিযোগিতার উদ্দেশ্য পুনর্ব্যবহারকে খামারের নিয়মিত কাজে পরিণত করা এবং প্লাস্টিক ভাগাড় ও প্রকৃতি থেকে দূরে রাখা। ক্লিনফার্মস জানায়, সংগৃহীত দড়ি থেকে গাড়ির যন্ত্রাংশ, ফুলের টব ও কম্পোজিট কাঠ তৈরি হয়।
ক্লিনফার্মসের নির্বাহী পরিচালক শেন হেডারসন বলেন, এটি শস্য রাখার ব্যাগ ও কৃষি উপকরণের মোড়ক পর্যন্ত বিস্তৃত বড় একটি পুনর্ব্যবহার ব্যবস্থার অংশ। উদ্যোগের সমর্থক ম্যানিটোবা ফরেজ অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ডানকান মরিসন বলেন, স্থানীয় কৃষক সমাজের উপকারে আসে এমন উদ্যোগে ম্যানিটোবার কৃষকদের আগ্রহ সব সময়ই থাকে।
উদ্যোগটি আলবার্টার গ্রেট টোয়াইন রাউন্ড-আপের আদলে, সেখানে এটি চলছে তৃতীয় বছর। ২০২৬ সালের জানুয়ারিতে ক্লিনফার্মস আলবার্টার উপদেষ্টা ডেভিন জনসন জানান, কর্মসূচি শুরুর পর থেকে কৃষক ও খামারিরা প্রায় ৪৫ লাখ কেজি কৃষি প্লাস্টিক জমা দিয়েছেন, যা প্রায় ২৬৭টি সেমি-ট্রেলার ভর্তি শস্যের ব্যাগ আর ৪০টি ট্রেলার ভর্তি দড়ির সমান।
দুই দফায় লটারি হবে। আগাম জমার শেষ দিন ২০২৭ সালের ৩১ জানুয়ারি, লটারি ৮ ফেব্রুয়ারি, বিজয়ীদের জানানো হবে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। চূড়ান্ত শেষ দিন ৩১ মে, লটারি ৭ জুন, বিজয়ীদের জানানো হবে ১৪ জুনের মধ্যে।
ছবি: Tim Houlihan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)