অস্ট্রিয়ার পোকা চাষ প্রযুক্তি প্রতিষ্ঠান রেপ্লয়েড (REPLOID) যুক্তরাষ্ট্রের চ্যাপুল ফার্মস (Chapul Farms) প্রায় ১ কোটি ২০ লাখ ডলারে কিনে নিতে একটি অবাধ্যতামূলক চুক্তিপত্রে সই করেছে। চুক্তি হলে ওরেগনের ম্যাকমিনভিলে ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা (বিএসএফএল) উৎপাদনের বাণিজ্যিক কারখানার পরিকল্পনা দ্রুত এগোতে পারে। নগদ অর্থ, নতুন শেয়ার ও ওয়ারেন্ট মিলিয়ে চ্যাপুলের শতভাগ মালিকানা নেবে রেপ্লয়েড; যাচাই-বাছাইয়ের জন্য দুই পক্ষের হাতে আছে ৯০ দিনের একচেটিয়া সময়।
চ্যাপুলের প্রতিষ্ঠাতা প্যাট ক্রাউলি (Pat Crowley) এজিফান্ডনিউজকে বলেন, আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে। চুক্তি হলে চ্যাপুল পরীক্ষিত লার্ভা পালন প্রযুক্তি পাবে, আর ম্যাকমিনভিলের কারখানা ধাপে ধাপে নয়, শুরু থেকেই পূর্ণ আকারে গড়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চলের কেন্দ্র হবে। তাঁর ভাষায়, রেপ্লয়েড খুব সাশ্রয়ী একটি লার্ভা পালন ব্যবস্থা বানিয়েছে, যা ইউরোপে একটি কেন্দ্র ও তার শাখার মডেলে চলছে।
২০২০ সালে অস্ট্রিয়ায় প্রতিষ্ঠিত রেপ্লয়েড রিফার্মইউনিট (ReFarmUnits) নামে মডিউলার, স্বয়ংক্রিয় লার্ভা পালন ইউনিট বানায়। ইউনিটগুলো গ্রাহকের জায়গায় বসানো হয় এবং খাদ্যশিল্পের উপজাত থেকে লার্ভা, প্রোটিন, চর্বি ও ফ্রাস সার তৈরি করে; প্রজনন ও প্রক্রিয়াজাতকরণ হয় কেন্দ্রীয়ভাবে। ২০২৫ সালের জুলাই থেকে ভিয়েনা শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠানটির ২০২৫ সালের আয় ৩ কোটি ৭৯ লাখ ইউরো, আগের বছর যা ছিল ৫১ লাখ ইউরো; কর্মী ১৯০ জন।
ওরেগনের কারখানাটি একটি পুরোনো প্লাস্টিক কারখানায়; সেখানে লার্ভাকে খাওয়ানো হবে ভাগাড়ে যাওয়া থেকে বাঁচানো খাদ্য বর্জ্য ও বেকারির শুকনা বর্জ্য, যা খাবারের আর্দ্রতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এর আগে মূল বিনিয়োগকারী না পাওয়ায় নর্থ ডাকোটায় একটি ভুট্টা ইথানল কারখানার পাশে বড় কারখানার পরিকল্পনা স্থগিত করেছিল চ্যাপুল; ক্রাউলি জানান, সেটি বাদ নয়, শুধু পিছিয়ে রাখা হয়েছে।
কয়েকটি বড় ব্যর্থতার পর যুক্তরাষ্ট্রে পোকা চাষে পুঁজি জোগাড় করা এখনো খুব কঠিন। ক্রাউলির মতে, সফল হতে হলে শুধু প্রোটিনে মনোযোগ না দিয়ে তিনটি আয়ের উৎসে ভারসাম্য রাখতে হবে: বর্জ্য ব্যবস্থাপনা, প্রোটিন ও চর্বি উৎপাদন এবং ফ্রাস সার। চ্যাপুল ফ্রাসের বাজার গড়তে অনেক সম্পদ ব্যয় করেছে বলে জানান তিনি। প্রতিবেদনটি করেছেন এলেইন ওয়াটসন (Elaine Watson)।
ছবি: Didier Descouens / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এজিফান্ডনিউজ





মন্তব্য
(০)