বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ের পরিমাণ প্রায় ৩৮ দশমিক ৬ লাখ হেক্টর এবং বদ্ধ জলাশয় রয়েছে ৮ দশমিক ৫ লাখ হেক্টর। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে বিস্তৃত ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক জলসীমা আমাদের মৎস্যসম্পদের অন্যতম প্রধান ভান্ডার। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৫ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট মাছ উৎপাদন ৫২ দশমিক ৫৫ লাখ মেট্রিক টনে উন্নীত হয়েছে। আমাদের খাদ্যে প্রাপ্ত প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ জোগান দেয় মাছ। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ নির্ধারিত চাহিদা ৬০ গ্রামের বিপরীতে বৃদ্ধি পেয়ে ৬৭ দশমিক ৮০ গ্রামে উন্নীত হয়েছে। ফলে দেশের মানুষের পুষ্টি ও প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান আরও সুদৃঢ় হয়েছে।
জাতীয় অর্থনীতিতেও এ খাতের গুরুত্ব বাড়ছে। জাতীয় জিডিপিতে মৎস্য খাতের অবদান ২ দশমিক ৫৮ শতাংশ, কৃষিজ জিডিপিতে ২২ দশমিক ০৩ শতাংশ এবং মৎস্য খাতে জিডিপি প্রবৃদ্ধির হার ১ দশমিক ৪১ শতাংশ। অর্থাৎ মাছ এখন শুধু মানুষের পুষ্টির উৎস নয়, কর্মসংস্থান, আয় ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও বড় ভিত্তি। উল্লেখ্য, বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা সাধারণত প্রতি অর্থবছরের বাজেট পেশের সময় (জুন মাসে) প্রকাশ করা হয়। সেই অনুযায়ী ২০২৬ সালের মধ্যভাগ পর্যন্ত মৎস্য খাতের এই অবদান দেশের প্রবৃদ্ধি, পুষ্টির চাহিদা পূরণ (প্রাণিজ আমিষের প্রায় ৬০%) এবং গ্রামীণ কর্মসংস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ১২% প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য সেক্টরের সাথে যুক্ত থেকে জীবিকা নির্বাহ করছে।
বাংলাদেশ বিশ্বে মাছ উৎপাদনে ৫ম, স্বাদুপানির মাছ উৎপাদনে ২য়, ইলিশ উৎপাদনে ১ম, তেলাপিয়া মাছ উৎপাদনে ৪র্থ এবং এশিয়ার মধ্যে ৩য়। আমরা এখন আমাদের দেশের প্রয়োজনের তুলনায় অনেক বেশি মাছ উৎপাদন করছি। গত কয়েক বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ৬ গুণ, যা সত্যিই ঈর্ষণীয়। দেশে উৎপাদিত মাছ প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ এখন সময়ের দাবি। উৎপাদিত অতিরিক্ত মাছ যদি সঠিক ব্যবহার করতে না পারি, তাহলে অধিক উৎপাদন খামারিদের জন্য কোনো সুফল বার্তা আনবে না। বিশ্বে মাছ প্রক্রিয়াজাতকরণের অনেকগুলো পদ্ধতি প্রচলিত আছে। তার মধ্যে মাছের শুঁটকিকরণ, মাছ লবণাক্তকরণ, মাছ ধূমায়িতকরণ, মাছ গাঁজনীকরণ, মাছ কৌটাজাতকরণ উল্লেখযোগ্য।
মাছ সংরক্ষণের পদ্ধতিগুলো প্রজাতিভেদে এবং মাছের শরীরের পুষ্টি উপাদানের ওপর ভিক্তি করে ভিন্নতর হয়ে থাকে। একেক পদ্ধতি একেক প্রজাতির মাছের জন্য প্রযোজ্য। বাংলাদেশে সবচেয়ে প্রচলিত মাছ সংরক্ষণের পদ্ধতি হলো শুঁটকিকরণ ও লবণাক্তকরণ। বিশ্বে মাছ দীর্ঘদিন সংরক্ষণ করার জন্য বহুল প্রচলিত পদ্ধতি হলো মাছ কৌটাজাতকরণ। আমাদের দেশে কৌটাজাতকরণ মৎস্য পণ্যের ব্যবহার সত্তরের দশক থেকে চলমান। তবে এখনো অবধি দেশে মাছ কৌটাজাতকরণের জন্য দেশীয় মাছগুলো কৌটায় সংরক্ষণ করার জন্য কোনো প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হয়নি। উৎপাদিত মাছ ব্যবহার করে বিভিন্ন প্রকার মূল্য সংযোজিত মৎস্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ নিয়ে কাজ শুরু করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশিং অ্যান্ড পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগ। গত ২ বছর গবেষণা করে দেশে প্রথমবারের মতো মাছ কৌটাজাতকরণের প্রযুক্তি উদ্ভাবিত হয়।
বাংলাদেশ যেহেতু ইলিশ মাছ উৎপাদনে প্রথম এবং বিশ্বে এ মাছের ব্যাপক চাহিদা আছে। সেহেতু প্রাথমিকভাবে জাতীয় মাছ ইলিশ কৌটাজাতকরণের জন্য নানাবিধ রেসিপি ও কৌশল উদ্ভাবন করেন। বিভিন্ন রেসিপির মধ্যে সরিষা ইলিশ, টমেটো ইলিশ অন্যতম। তবে রেসিপিগুলোর মধ্যে সরিষা ইলিশ অধিক জনপ্রিয়তা পায়। পরে দেশীয় প্রজাতির নানান মাছ যেগুলো বাজারে সহজলভ্য, যেমন- তেলাপিয়া, পাঙাশ, টোনা, কই, মলা, সাগরের ইটা মাছ দিয়ে কৌটাজাতকরণ পণ্য উৎপাদন করেন এবং পণ্যগুলোর পুষ্টিমান কতদিন ভালো রাখা যায়, তার ওপর গবেষণা করেন।
গবেষণায় দেখা যায়, সামুদ্রিক মাছ দিয়ে উদ্ভাবিত কৌটাজাতকরণ মৎস্যপণ্য ক্যানড ইলিশ, ক্যানড টোনাসহ অন্যান্য পণ্যে প্রচুর পরিমাণে ওমেগা-৩, ওমেগা-৬-সহ বিভিন্ন রকম অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড বিদ্যমান। যেগুলো মানবস্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় জড়িত রোগীদের জন্য। এ ছাড়া সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে কৌটায় সংরক্ষণ করে দীর্ঘদিন রেখে দেখা যায়, মাছের বিদ্যমান অ্যামাইনো অ্যাসিড অপরিবর্তিত রয়েছে। মাছ কৌটাজাতকরণ করে তা কক্ষ তাপমাত্রায় সংরক্ষণ করে স্বাদ ও পুষ্টিমান অপরিবর্তিত রেখে এক বছরের অধিক সময় ধরে সংরক্ষণ করা যায় বলে গবেষণায় প্রমাণিত হয়েছে।
ইলিশ বা অন্যান্য মাছ কৌটাজাতকরণের মাধ্যমে যেমন আমিষ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডসহ অন্যান্য পুষ্টি উপাদান ভোক্তা সহজেই হাতের নাগালে পাবেন। তেমনই এ প্রযুক্তি পারিবারিক জীবনের কর্মব্যস্ততাকে অনেকাংশে সহজতর করে দেবে। ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। যার ৮০-৯০% শতাংশ উৎপাদিত হয় আমাদের দেশে কিন্তু এ মাছের চাহিদা বিশ্বব্যাপী। ইলিশ মাছ কৌটাজাতকরণ করলে বিদেশে রপ্তানি করার ব্যাপক সুযোগ সৃষ্টি হবে। অন্যদিকে নানাবিধ মাছ আছে যেগুলোর বাজারমূল্য তুলনামূলকভাবে অনেক কম। সেগুলো কৌটাজাতকরণের মাধ্যমে তুলনামূলক কম মূল্যের মাছগুলোকে মূল্যসংযোজিত মৎস্যপণ্য হিসেবে দেশে-বিদেশে বাজারজাতকরণ সহজতর হবে।
পরিশেষে বলা যায়, উদ্ভাবিত মাছের কৌটাজাতকরণের প্রযুক্তি দেশে উৎপাদিত বিপুল পরিমাণ মাছকে প্রক্রিয়াজাতকরণ করে মূল্য সংযোজন করে বাজারজাতকরণের মাধ্যমে একদিকে মানুষ যেমন সহজেই মাছের পুষ্টি পাবে। অন্যদিকে দেশে উৎপাদিত মাছের সঠিক ব্যবহার নিশ্চিত হবে। প্রযুক্তিটি উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে মৎস্য সেক্টরে নতুন নতুন উদোক্তা সৃষ্টি ও জনবলের কর্মসংস্থান সৃষ্টি হবে, যা দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রযুক্তিটি সম্প্রসারণ বাস্তবায়ন করে উৎপাদিত কৌটাজাতকরণ মৎস্যপণ্য দেশের অভ্যন্তরে বাজারজাতকরণ করে তুলনামূলক কম মূল্যের মাছগুলোর দাম বৃদ্ধি করে খামারিদের মুনাফা বাড়ানো যায়। অন্যদিকে উৎপাদিত কৌটাজাতকরণ মৎস্যপণ্য বিদেশে রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদশিক মুদ্রা অর্জন করে মৎস্য সেক্টর তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব।




মন্তব্য
(০)