চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার, যার মধ্যে অক্টোবর পর্যন্ত ২০ হাজার ২৫৯ জন প্রশিক্ষণ পেয়েছেন। এগ্রিকেয়ার২৪ বাসসের বরাতে জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য দেন।
মাছ চাষে উৎপাদনশীলতা বাড়াতে মৎস্যচাষিদের প্রশিক্ষণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ জন্য দেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি মৎস্য অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।
প্রাণিসম্পদ খাতে চলতি অর্থবছরে ৯ হাজার ৮৬০ জন মাংস প্রক্রিয়াজাতকারীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে; অক্টোবর পর্যন্ত প্রশিক্ষণ পেয়েছেন ২ হাজার ৯২২ জন।
আধুনিক খামার ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সুরক্ষার জন্য গবাদিপশু ও পাখি পালনকারীদের নিয়ে ৩২ হাজার উঠান বৈঠক আয়োজনের পরিকল্পনা আছে। অক্টোবর পর্যন্ত হয়েছে ১০ হাজার ৩২২টি।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) গত তিন বছরে প্রায় এক হাজার খামারি ও উদ্যোক্তাকে কারিগরি পরামর্শ দিয়েছে, আর একই সময়ে প্রায় সাড়ে তিন হাজার খামারি ঋণ সহায়তা পেয়েছেন।
ছবি: Ibrahim Husain Meraj / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)