চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সুগন্ধি কালোজিরা ধানের আবাদ দ্রুত কমছে। চলতি বছর উপজেলায় মাত্র সাড়ে ৪ হেক্টর জমিতে এ ধান চাষ হয়েছে, যেখানে পাঁচ-ছয় বছর আগেও জমির পরিমাণ ছিল প্রায় ২৫ হেক্টর। এখন খিতাপচর, আমুচিয়া, পশ্চিম গোমদণ্ডী ও জ্যৈষ্ঠপুরা এলাকায় বিক্ষিপ্তভাবে চাষ টিকে আছে।
সোনালি আমনের শীষের মাঝে কালচে শীষের এই ধান একসময় উপজেলার মাঠে মাঠে দেখা যেত। এর সুগন্ধি চালে পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, পায়েস, ফিরনি ও জর্দা রান্না হয়, উৎসব-পার্বণে চাহিদাও ছিল বেশি। কৃষকেরা বলছেন, বীজের সংকট, উৎপাদন খরচ বৃদ্ধি ও তুলনামূলক কম ফলনে তাঁরা আগ্রহ হারাচ্ছেন।
তবু কেউ কেউ শখ আর দামের টানে চাষ ধরে রেখেছেন। আমুচিয়া গ্রামের উত্তর টিউর বিলের কৃষক তালেব আলী এবার আমনের পাশাপাশি ১০ শতক জমিতে কালোজিরা লাগিয়েছেন, বীজ এনেছেন পাশের সারোয়াতলী ইউনিয়নের এক বন্ধুর কাছ থেকে। তাঁর ভাষ্য, ফলন সাধারণ ধানের চেয়ে কিছুটা কম হলেও দাম বেশি; প্রতি আড়ি ধান ৮০০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হয়।
কড়লডেঙ্গা গ্রামের আহলা দরবার বিলের কৃষক জামাল হোসেন বলেন, উচ্চফলনশীল ধানের বিস্তার, কম উৎপাদন আর বীজ সংরক্ষণের ঝামেলায় কৃষকেরা ধীরে ধীরে এ ধান ছেড়েছেন। পৌর এলাকার কৃষক মনজুর আলম একসময় ২০ একরে কালোজিরা চাষ করতেন; ট্রাক্টরসহ চাষের সব খরচ বেড়ে যাওয়ায় এখন তা তাঁর কাছে অনেকটা শখের চাষ। তিনি বলেন, আগে সহজে বীজ মিলত, এখন সংকট।
বোয়ালখালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলাম জানান, এখন অনেক উচ্চফলনশীল আমন জাত আছে, যেগুলোর ফলন কালোজিরার চেয়ে অনেক বেশি। অন্যদিকে কালোজিরার ফলন কম, রোগবালাইয়ের আক্রমণও বেশি। এসব কারণেই ঐতিহ্যবাহী এ ধানের আবাদ কমছে। প্রতিবেদনটি কৃষি সময়ের চট্টগ্রাম সংবাদদাতার।
ছবি: ROCKY / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)