বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোগীদের নমুনায় শেষ ভরসার অ্যান্টিবায়োটিক কার্বাপেনেমের বিরুদ্ধে জীবাণুর প্রতিরোধ এক বছরে ২৮ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশে পৌঁছেছে। আইসিইউ রোগীদের নমুনায় এ হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২০২৬’-এ এ তথ্য উঠে এসেছে।
বুধবার (১৮ নভেম্বর) অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক উপলক্ষে বিএমইউতে র্যালি ও সমাবেশে প্রতিবেদনের তথ্য জানান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার। এবারের প্রতিপাদ্য ছিল ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন: প্রিভেন্ট এএমআর নাও’। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের ৫০ হাজার ৮৪৪টি নমুনা পরীক্ষা করা হয়, যার ১৩ হাজার ২৫১টিতে (২৬.১ শতাংশ) ব্যাকটেরিয়া মেলে। প্রস্রাবে সবচেয়ে বেশি পাওয়া গেছে ই. কোলাই, রক্তে ক্লেবসিয়েলা।
ছয়টি প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার ৩ হাজার ৮১০টিতে (৩৬.২ শতাংশ) মেরোপেনেম প্রতিরোধ পাওয়া গেছে, আগের বছর যা ছিল ২৮.২ শতাংশ। ক্লেবসিয়েলায় কার্বাপেনেম প্রতিরোধ ২৭.৬ থেকে ৪০ শতাংশ এবং ই. কোলাইয়ে ১৪ থেকে ২০.৭ শতাংশে উঠেছে। রক্তের নমুনায় ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ মেরোপেনেমে সাড়া দিচ্ছে না। শেষ ভরসা কলিস্টিন এখনো বেশির ভাগ ক্ষেত্রে কাজ করলেও রক্তের নমুনায় এর প্রতিরোধ দেখা দেওয়াকে সতর্কবার্তা বলা হয়েছে।
মূত্রনালির সংক্রমণে ই. কোলাইয়ের বিরুদ্ধে নাইট্রোফিউরানটোইনের প্রতিরোধ এক বছরে ৩৩.৩ থেকে ৫০.১ শতাংশ হয়েছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় এমআরএসএ শনাক্তের হার ২০২২-২৩ সালের ৯.৭ শতাংশ থেকে বেড়ে সর্বশেষ ২৬.৩ শতাংশ। রক্ত থেকে পাওয়া ১৪১টি টাইফয়েড জীবাণুর প্রায় অর্ধেক সিপ্রোফ্লক্সাসিন-প্রতিরোধী।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা বন্ধ করতে হবে। উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার মনে করিয়ে দিয়েছেন, অ্যান্টিবায়োটিক শুরু করলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত খেতে হবে।
প্রতিবেদনে অপ্রয়োজনীয় ব্যবস্থাপত্র, নিজে নিজে ওষুধ খাওয়া, অপর্যাপ্ত মাত্রা ও রোগনির্ণয় ছাড়াই ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহারকে প্রধান কারণ বলা হয়েছে। সুপারিশের মধ্যে আছে হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োটিক নীতিমালা, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ সম্প্রসারণ, সংক্রমণ নিয়ন্ত্রণ জোরদার, আইসিইউতে কার্বাপেনেম ব্যবহারে নিয়ন্ত্রণ এবং মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের সমন্বিত দৃষ্টিভঙ্গিতে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহার। প্রতিবেদনে সীমাবদ্ধতাও স্বীকার করা হয়েছে: রোগীর আগের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ইতিহাস না থাকায় প্রতিরোধের হার প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখা যেতে পারে।
ছবি: Microrao / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: প্রতিদিনের সংবাদ




মন্তব্য
(০)