দীর্ঘ ২৬ বছরের প্রচেষ্টার পর চলতি বছরের জানুয়ারিতে সাপের বিষ সংগ্রহের জন্য সরকারি নিবন্ধন পেয়েছিলেন পটুয়াখালীর উদ্যোক্তা আব্দুর রাজ্জাক বিশ্বাস। তবে ছয় মাসের সেই নিবন্ধনের মেয়াদ শেষ হয়েছে গত জুনে। এর মধ্যে সাপের বিষ প্রক্রিয়াজাত করে অ্যান্টিভেনম তৈরির জন্য যোগাযোগ করেনি দেশের কোনো ওষুধ কোম্পানি। এতে হতাশ হয়ে পড়েছেন তিনি। এখন নিবন্ধন নবায়নের পাশাপাশি সরকারি ও বেসরকারি সহযোগিতায় নিজের উদ্যোগটি এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন এই উদ্যোক্তা।
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে অবস্থিত 'স্নেক ভেনম এম' নামের এই খামার। ২০০০ সালে সৌদি আরব থেকে দেশে ফিরে একটি কিং কোবরা সাপ ও ২৪টি ডিম নিয়ে খামারটির যাত্রা শুরু করেন আব্দুর রাজ্জাক বিশ্বাস। নানা প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটের মধ্যেও দীর্ঘদিন ধরে নিজের অর্থ ও শ্রম দিয়ে খামারটি টিকিয়ে রেখেছেন তিনি।
অবশেষে চলতি বছরের জানুয়ারিতে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ছয় মাসের জন্য নিবন্ধন পান রাজ্জাক। জুন মাসে নিবন্ধনের মেয়াদ শেষ হলেও এখন পর্যন্ত কোনো ওষুধ কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করেনি। ফলে সাপের বিষ সংগ্রহের সম্ভাবনা থাকলেও তা প্রক্রিয়াজাত করে ওষুধ শিল্পে ব্যবহারের উদ্যোগ থমকে আছে। এ অবস্থায় নিবন্ধনের মেয়াদ দুই বছর করার জন্য সরকারের কাছে আবেদন করেছেন তিনি।
রাজ্জাক বিশ্বাসের দাবি, তার খামার থেকে প্রতি মাসে প্রায় এক পাউন্ড সাপের বিষ সংগ্রহ করা সম্ভব, যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় আট কোটি টাকা। তবে এই বিষ সরাসরি ওষুধ তৈরিতে ব্যবহার করা যায় না। প্রয়োজন বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিশেষজ্ঞ জনবল। এজন্য ওষুধ কোম্পানিগুলোর বিনিয়োগ ও সহযোগিতা প্রয়োজন।
রাজ্জাক বিশ্বাস বলেন, দীর্ঘ ২৬ বছর অনেক কষ্ট করে খামারটি গড়ে তুলেছি। অনেক অপেক্ষার পর জানুয়ারিতে ছয় মাসের নিবন্ধন পেয়েছিলাম। কিন্তু জুনে মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো ওষুধ কোম্পানি যোগাযোগ করেনি। আমি সরকারের কাছে দুই বছরের জন্য নিবন্ধন দেওয়ার আবেদন করেছি। সরকার ও ওষুধ কোম্পানিগুলো সহযোগিতা করলে এখান থেকে বিষ সংগ্রহ করে দেশের ওষুধ শিল্পে ব্যবহার করা সম্ভব হবে। এতে দেশের অর্থ দেশেই থাকবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বর্তমানে খামারটিতে কিং কোবরা, কালো গোখরা, পঙ্খীরাজ, কালকেউটে, পদ্মগোমা, সাদা গোমা, বিষঝুড়ি, পাইথন, দাঁড়াশ, বাসুয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই শতাধিক সাপ রয়েছে। খামারের কর্মীরা এসব সাপের পরিচর্যার পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা সাপও এখানে নিয়ে আসেন।
তবে সাপের বিষ প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও বিনিয়োগ যে বড় চ্যালেঞ্জ, তা জানিয়েছেন ওষুধশিল্প সংশ্লিষ্টরাও।
বায়োজিন ফার্মাসিউটিক্যালসের মালিক আল আমিন হাওলাদার বলেন, সাপের বিষ প্রক্রিয়াজাত করতে বিশেষ যন্ত্রপাতি ও মেশিনের প্রয়োজন হয়। এসব যন্ত্র স্থাপন এবং বিশেষজ্ঞ জনবল নিয়োগ বেশ ব্যয়বহুল। তবে দুই-তিনটি ওষুধ কোম্পানি একসঙ্গে উদ্যোগ নিয়ে সাপের বিষ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা করলে ভালো ফল পাওয়া যেতে পারে।
এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে শুনেছি, তিনি ছয় মাসের জন্য নিবন্ধন পেয়েছিলেন। আমরা তাকে আবার নিবন্ধন নবায়নের জন্য আবেদন করতে আহ্বান জানাব। এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা প্রয়োজন, তা করা হবে। এরই মধ্যে তাকে ঢাকায় একটি মেলায় অংশগ্রহণের জন্য বলা হয়েছে। সেখানে তার সাপের বিষের খামার ও সম্ভাবনা তুলে ধরা হবে। আমরা আশা করছি, এর মাধ্যমে দেশের ওষুধ কোম্পানিগুলো তার সঙ্গে যোগাযোগ করবে।
অন্যদিকে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় বর্তমানে ২৩০টি অ্যান্টিভেনম মজুত রয়েছে। বিভিন্ন উপজেলাতেও পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কার্যালয়।
দীর্ঘ ২৬ বছরের পরিশ্রমে গড়ে তোলা খামারটির ভবিষ্যৎ এখন নির্ভর করছে সরকারি সহযোগিতা, নিবন্ধন নবায়ন এবং ওষুধ কোম্পানিগুলোর উদ্যোগের ওপর। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে বিনিয়োগ করলে দেশে সাপের বিষ প্রক্রিয়াজাতকরণের নতুন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হতে পারে।




মন্তব্য
(০)