প্লাস্টিকের মালচিং ফিল্মের বদলে গবাদিপশুর গোবর থেকে তৈরি পচনশীল ফিল্ম ব্যবহার করে সার কমানো, গোবরের সদ্ব্যবহার এবং মাটিতে প্লাস্টিক বর্জ্য জমা ঠেকানো সম্ভব বলে জানিয়েছেন চীনের গবেষকেরা। চায়না অ্যাগ্রিকালচারাল ইউনিভার্সিটির ইয়ং হৌয়ের (Yong Hou) নেতৃত্বে গবেষণাটি প্রকাশিত হয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যাগ্রিকালচার সাময়িকীতে।
গোবর-স্লারি ফিল্ম (MSF) তৈরি করা হয়েছে প্রচলিত পলিথিন মালচের বিকল্প হিসেবে। পলিথিন মাটির আর্দ্রতা ধরে রাখে, কিন্তু এর অবশেষ মাটিতে জমে দূষণ ঘটায়। সাইলেজ ভুট্টার মাঠ পরীক্ষায় নতুন ফিল্মে সার ৩০ শতাংশ কমালেও ফলন অটুট ছিল, আর ১৫ শতাংশ কমালে প্লাস্টিক মালচের তুলনায় ফলন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্লাস্টিক কেবল মাটি ঢেকে রাখে, কিন্তু এই ফিল্ম ধীরে ধীরে জৈব পদার্থ, নাইট্রোজেন ও ফসফরাস ছাড়ে, যা মাটির উপকারী অণুজীবের খাদ্য জোগায়। গবেষকেরা দেখেছেন, নাইট্রোজেন রূপান্তর ও পটাশিয়াম মুক্ত করায় যুক্ত অণুজীব বেড়েছে, শুরুর দিকে শিকড় বেশি বেড়েছে এবং মৌসুমের শেষভাগে ফসফরাস ও পটাশিয়ামের জোগান ভালো ছিল।
গবাদিপশুর খামারের গোবর ফসলের মাঠে কাজে লাগানোর একটি পথও তৈরি হয় এতে। তবে গবেষকেরা একটি সীমাবদ্ধতা স্বীকার করেছেন: ফিল্ম তৈরিতে এখন অনেক জ্বালানি ও পানি লাগে, ফলে কিছু ক্ষেত্রে এর সামগ্রিক পরিবেশগত প্রভাব প্লাস্টিক মালচের চেয়ে বেশি। উৎপাদন সহজ ও কম জ্বালানিনির্ভর করাই পরের লক্ষ্য।
ছবি: Florian Gerlach (Nawaro) / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)