দেশের সব আন্তঃসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোর আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও নদীকর্মীরা। বিশ্ব নদী দিবস উপলক্ষে রোববার বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও মানববন্ধন থেকে এ দাবি ওঠে।
বিশ্ববিদ্যালয়ের রিভারাইন পিপল ক্লাব ‘বন, নদী, পানি নেই তো জীবন নেই’ প্রতিপাদ্য নিয়ে কর্মসূচির আয়োজন করে। সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক ও বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন।
আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক তুহিন ওয়াদুদ, ক্লাবের উপদেষ্টা ও এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী ফজলুল হক, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) রাজশাহী অঞ্চলের সমন্বয়ক তন্ময় স্যানাল এবং লালমনিরহাটের রিভারাইন পিপলের জেলা সমন্বয়ক মোশাররফ হোসেনসহ কয়েকজন।
বক্তারা বলেন, দেশের সব আন্তঃসীমান্ত নদী চিহ্নিত করে সেগুলোর স্বীকৃতি নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত সবার হাতে তুহিন ওয়াদুদের লেখা ‘নদী সুরক্ষায় দায়িত্বশীলতা’ বইটি তুলে দেওয়া হয়।
সভা শেষে প্রশাসনিক ভবনের দক্ষিণ পাশে মানববন্ধন হয়, পরে একটি র্যালি বের করা হয়। মানববন্ধনে রংপুর বিভাগের আন্তঃসীমান্ত নদীগুলোর ছবি প্রদর্শন করা হয়।
সূত্র: সমকাল





মন্তব্য
(০)