যুক্তরাষ্ট্রের তুলাচাষিদের কর্মসূচিসংক্রান্ত তথ্য জমা ও প্রতিবেদন তৈরির ঝামেলা কমাতে মার্কিন কৃষিপ্রযুক্তি প্রতিষ্ঠান ফার্মরেইজের (FarmRaise) সঙ্গে অংশীদারত্ব করেছে বেটার কটন ইনিশিয়েটিভ (বিসিআই)। জেনেভা থেকে খবরটি দিয়েছে গ্লোবাল এগ্রিকালচার।
বিসিআইয়ের সনদপ্রাপ্ত চাষি ও তাঁদের দল ব্যবস্থাপকেরা ফার্মরেইজের অনলাইন প্ল্যাটফর্মে কর্মসূচির তথ্য দেবেন, খামারের তথ্য সামলাবেন এবং প্রতিবছর চাষপদ্ধতির রেকর্ড হালনাগাদ করবেন। কোন কর্মসূচিতে যোগ দেওয়া যায়, বাজারে প্রবেশের কী সুযোগ আছে, কোন শর্ত বদলাল, শেষ সময় কবে, এসব তথ্যও এক জায়গায় দেখাবে প্ল্যাটফর্মটি।
সময়টা বিসিআইয়ের পুনরুৎপাদনশীল (রিজেনারেটিভ) মানদণ্ডে যাওয়ার সঙ্গে জড়িত। বিসিআই কটন উৎপাদনের সনদ পেতে চাষিদের এখন ছয়টি অগ্রাধিকার ক্ষেত্রের অন্তত তিনটিতে উন্নয়ন পরিকল্পনা করতে হয়: মাটির স্বাস্থ্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক আবাস, পানি, কীটনাশক, সার এবং গবাদিপশু। মার্কিন খামারে এসব চর্চার নথি রাখা ও তদারকিতে ফার্মরেইজ কাজে লাগবে।
বিসিআইয়ের যুক্তরাষ্ট্র কর্মসূচির জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাশলি ব্যারিংটন (Ashley Barrington) বলেন, এতে চাষিরা প্রশাসনিক কাজে কম আর খামারের কাজে বেশি সময় দিতে পারবেন। ফার্মরেইজের প্রধান নির্বাহী জেইস হাফনার (Jayce Hafner) বলেন, চাষিরা সহজে নিজেদের চাষপদ্ধতির নথি রাখতে ও টেকসই কৃষিতে অবদান দেখাতে পারবেন। কোয়ার্টারওয়ে কটন গ্রোয়ার্সের প্রধান নির্বাহী টড স্ট্রেলি (Todd Straley) বলেন, এমন ডিজিটাল টুল বাড়তি কাগজের কাজ ছাড়াই খামারের উন্নতির হিসাব রাখতে সাহায্য করে।
ফার্মরেইজ এরই মধ্যে জাতীয় নানা কর্মসূচিতে যুক্ত হাজারো চাষিকে সেবা দেয়, যার মধ্যে আছে মার্কিন কৃষি বিভাগের ফার্ম সার্ভিস এজেন্সি, ন্যাচারাল রিসোর্সেস কনজারভেশন সার্ভিসের উদ্যোগ, অন্যান্য সংরক্ষণ ও খরচ-ভাগাভাগির কর্মসূচি এবং কার্বন প্রতিষ্ঠান অ্যাভালো (Avalo)। বিসিআই সম্প্রতি ‘কো’ (Co) নামের একটি ডিজিটাল টুল কিনেছে, যা খামার পরিচালনা সহজ করা, তথ্য জমা দ্রুত করা ও পুনরুৎপাদনশীল চর্চা বাড়াতে বানানো; নতুন চুক্তি তারই ধারাবাহিকতা।
ছবি: কিম্বারলি ভার্ডেম্যান (Kimberly Vardeman) / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: Global Agriculture





মন্তব্য
(০)