হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ কাজে লাগিয়ে স্থানীয় মানুষের জলবায়ু সহনশীল জীবিকা গড়তে একটি প্রকল্প চালাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)। প্রাইম ব্যাংক পিএলসির অর্থায়নে প্রকল্পটির নাম ‘হাওর অঞ্চলের জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’।
প্রকল্পের প্রধান গবেষক বাকৃবির অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক ও প্রধান সমন্বয়কারী কৃষিবিদ ড. পরেশ কুমার শর্মা জানান, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা, রোগবালাই ও বাজারব্যবস্থার সীমাবদ্ধতা হাওরের মানুষের জীবিকা ও খাদ্যনিরাপত্তাকে বারবার ঝুঁকিতে ফেলে। এর মোকাবিলায় স্থানীয় পরিবেশের উপযোগী প্রযুক্তি, উৎপাদনে বৈচিত্র্য এবং কৃষক ও খামারিদের দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।
পরিকল্পনায় আছে হাওর উপযোগী ধান, সরিষা ও ভুট্টার উন্নত চাষপদ্ধতি ছড়িয়ে দেওয়া, হাঁস পালন ও প্রাণিসম্পদের উন্নত ব্যবস্থাপনা, মৎস্যসম্পদের টেকসই ব্যবহার, মূল্য সংযোজন ও কৃষিপণ্য বাজারজাতকরণ। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বিকল্প আয় ও স্থানীয় উদ্যোক্তা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
গবেষকদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষক, মৎস্যচাষি ও খামারিদের উৎপাদন ও আয় বাড়বে, কর্মসংস্থান ও পুষ্টিনিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং হাওরের জন্য একটি সমন্বিত জলবায়ু সহনশীল উন্নয়ন মডেল দাঁড়াবে। অধ্যাপক মোজাম্মেল হক বলেন, প্রকল্পটি শুধু উৎপাদন বাড়ানোর জন্য নয়, তিন খাতের সমন্বিত উন্নয়ন, আয় এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তার জন্য।
ছবি: Balaram Mahalder / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: আর টিভি অনলাইন


মন্তব্য
(০)