যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও আনুষঙ্গিক পণ্যের কারখানা, ফলে বাংলাদেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানা দাঁড়াল ৩০২টিতে। সবুজ কারখানার সংখ্যায় বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ, জানিয়েছে ঢাকা ট্রিবিউন।
নতুন ১২টির মধ্যে ৯টি প্লাটিনাম ও তিনটি গোল্ড সনদ পেয়েছে। সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ পেয়েছে ঢাকার ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড। গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস ৯১, প্রবৃদ্ধি অ্যাপারেলস ৮৮ ও এল ইউসিন ফ্যাশন ৮৫ পয়েন্ট পেয়েছে; নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার ৮৪ এবং কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ডিইপিজেডের প্যাক্সার বাংলাদেশ ও গাজীপুরের এক্সপো অ্যাকসেসরিজ ৮২ পয়েন্ট করে।
গোল্ড সনদ পেয়েছে নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনসের নিটিং ইউনিট (৬৮ পয়েন্ট), চট্টগ্রামের বেস্টেক বিডি (৬৬) এবং টাঙ্গাইলের মির্জাপুরের এক্সপোর্ট বিল্ডিং ২ (৬৪)।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, ৩০২টি কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে।
লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। জ্বালানি ও পানি সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের ভেতরের পরিবেশের মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এ সনদ দেওয়া হয়।
সূত্র: ঢাকা ট্রিবিউন


মন্তব্য
(০)