শস্য ব্যবসায়ী প্রতিষ্ঠান এডিএম জানিয়েছে, ২০২৫ সালে তাদের পুনরুৎপাদনশীল কৃষি কর্মসূচিতে ১১টি দেশের ১০টি ফসলে প্রায় ৪৬ লাখ একর জমিতে ৫৬ হাজারের বেশি কৃষক যুক্ত ছিলেন। প্রতিষ্ঠানটির চতুর্থ বার্ষিক পুনরুৎপাদনশীল কৃষি প্রতিবেদনের বরাতে এ খবর দিয়েছে অ্যাগ্রিবিজনেস গ্লোবাল।
আঞ্চলিক মানদণ্ডের তুলনায় কর্মসূচিগুলো প্রায় ৯ লাখ ৪৬ হাজার মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নিঃসরণ কমিয়েছে বলে এডিএমের দাবি।
এডিএমের এগ সার্ভিসেস অ্যান্ড অয়েলসিডস ব্যবসার প্রেসিডেন্ট গ্রেগ মরিস বলেন, "সহনশীলতা শুরু হয় খামার থেকে। মাটির স্বাস্থ্য রক্ষা ও উন্নত করলে কৃষক পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়ে উৎপাদন ধরে রাখতে পারেন।"
খাদ্য প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে অংশীদারত্ব বাড়িয়েছে প্রতিষ্ঠানটি, যেমন পেপসিকো ও মার্স এবং জেনারেল মিলস ও ওয়ালমার্টের সঙ্গে উদ্যোগ, যা কৃষক, এডিএম ও ক্রেতাদের এক সূত্রে গেঁথে এই চর্চা বাড়াতে চায়। প্রতিবেদনে আছে এডিএমের সংজ্ঞা ও নীতি, উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়া-প্রশান্ত অঞ্চলের কর্মসূচির হালনাগাদ, কৃষকদের কারিগরি সহায়তা, প্রণোদনা ও ক্রেতার সঙ্গে যুক্ত করার উপায় এবং কৃষক ও ভোক্তা জরিপের ফল।
মরিস বলেন, এই অগ্রগতি টেকসই করতে পুনরুৎপাদনশীল কৃষিকে খামারে এবং পুরো সরবরাহ শৃঙ্খলে কার্যকর হতে হবে; এর মানে কৃষকের কথা শোনা, ফলাফলের তথ্য ব্যবহার এবং বাজারে চাহিদা তৈরি। পরিসংখ্যানগুলো এডিএমের নিজস্ব।
ছবি: USDA NRCS South Dakota / উইকিমিডিয়া কমন্স (Public domain)
সূত্র: AgriBusiness Global





মন্তব্য
(০)