কৃষি জিনোমিক্সের জন্য দেশের প্রথম নিবেদিত গবেষণাকেন্দ্র চালু করেছে ফিলিপাইন। ইউনিভার্সিটি অব দ্য ফিলিপাইনস লস বানোসে (UPLB) গড়ে ওঠা অ্যাগ্রিকালচারাল জিনোমিক্স রিসার্চ সেন্টার (AGRC) ২১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে বলে জানিয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), যারা প্রকল্পটির ব্যবস্থাপনা পরামর্শক ছিল।
কেন্দ্রটিতে একসঙ্গে থাকছে জিনোমিক্সসহ ট্রান্সক্রিপ্টোমিক্স, প্রোটিওমিক্স ও মেটাবোলোমিক্সের মতো প্রযুক্তি এবং বায়োইনফরমেটিক্স। এটি ফসল, প্রাণিসম্পদ ও অণুজীব নিয়ে গবেষণার জাতীয় কেন্দ্র এবং আঞ্চলিক সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে; লক্ষ্য জলবায়ু সহনশীলতা, খাদ্য নিরাপত্তা ও পরিবেশগত টেকসইতা।
ইরি বলছে, ধানের ক্ষেত্রে জিনোমের তথ্য প্রজননবিদদের কাজের বৈশিষ্ট্য শনাক্ত করতে এবং খরা, বন্যা, রোগসহ নানা প্রতিকূলতা সহনশীল জাত দ্রুত উদ্ভাবনে সাহায্য করে। একই প্রযুক্তি অন্য ফসল, গবাদিপশু ও অণুজীব গবেষণাতেও কাজে লাগানো যায়।
কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (কোইকা, KOICA) অর্থায়নে ছয় বছর মেয়াদি ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের প্রকল্পে কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। অংশীদার ছিল লস বানোস বিশ্ববিদ্যালয়, আর প্রকল্প ব্যবস্থাপনা পরামর্শক ইরি।
ছবি: ইরি / সিজিআইএআর
সূত্র: CGIAR





মন্তব্য
(০)