গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধ্যরাতের আগুনে গোয়ালঘরসহ পাঁচটি দুধেল গাভী পুড়ে মারা গেছে। গাভীগুলোই ছিল দিনমজুর কৃষক উৎসব বাইনের পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ অন্তত ৮ লাখ টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বড় ডুমুরিয়া গ্রামে উৎসব বাইনের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।
পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর গোয়ালঘরের বৈদ্যুতিক ফ্যানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তেই আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা নেভানোর চেষ্টা করার পর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পাঁচটি গাভী মারা যায় এবং গোয়ালঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়।
অভাবের সংসারে সচ্ছলতা ফেরানোর আশায় দীর্ঘদিন ধরে গাভীগুলো লালন-পালন করছিলেন উৎসব বাইন। তিনি বলেন, “সারা জীবনের জমানো অর্থ ও শ্রম দিয়ে ছোট একটি খামার গড়ে তুলেছিলাম। রাতের আগুনে সব শেষ হয়ে গেছে।”
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেদারউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কৃষকের অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
প্রতিবেদনটি দেশ রূপান্তরের গোপালগঞ্জ প্রতিনিধির।
ছবি: Khaleq / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: দেশ রূপান্তর





মন্তব্য
(০)