বাড়িতে অতিথি এলে তাদের জন্য রান্নার ব্যস্ততায় অনেক সময় রান্নাঘর পরিষ্কার করার কথা মনে থাকে না। অথচ অতিথি আসার আগে অল্প সময়েই রান্নাঘর গুছিয়ে নেওয়া সম্ভব। এ জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করলেই রান্নাঘর হয়ে উঠবে পরিচ্ছন্ন ও অতিথি আপ্যায়নের উপযোগী।
রান্নার পর অল্প সময়ে রান্নাঘর গুছিয়ে নেওয়ার উপায়গুলো জেনে নেওয়া যাক।
বাসনপত্র ও রান্নার সরঞ্জাম ধুয়ে ফেলুন
রান্না শেষ হলে প্রথমেই নোংরা বাসনপত্র ও রান্নার সরঞ্জাম পরিষ্কার করুন। এগুলো সাধারণত রান্নাঘরের কাউন্টার বা কাজের জায়গায় ছড়িয়ে থাকে। ডিশওয়াশার থাকলে যত বেশি সম্ভব বাসনপত্র এর মধ্যে তুলে রাখুন। এতে দ্রুত রান্নাঘরের কাজের জায়গা খালি করা যাবে।
বাসনপত্র ধুয়ে শুকিয়ে রাখাই ভালো। তবে অতিথিরা প্রায় চলে এলে সাময়িকভাবে সেগুলো ওভেনের ভেতরেও রাখা যেতে পারে। কিন্তু ওভেন চালু করার আগে অবশ্যই বাসনপত্র বের করে নিতে হবে। ভুল করে বাসনপত্রসহ ওভেন চালু করলে আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে। তাই সুযোগ পেলেই বাসনপত্র ও ওভেন পরিষ্কার করে নিন।
বেশি ব্যবহৃত জায়গাগুলো আগে পরিষ্কার করুন
সময় কম থাকলে রান্নাঘরের যেসব জায়গায় বারবার হাত দেওয়া হয় এবং যাতায়াত বেশি, সেগুলো আগে পরিষ্কার করুন। যেমন, সিঙ্ক ও ক্যাবিনেটের হাতল। এসব জায়গা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বলে অতিথিরা রান্নাঘরে ঢুকেই সাধারণত এগুলো লক্ষ করেন। তাই এসব জায়গায় খাবারের টুকরা বা তরল কিছু পড়ে থাকলে তা পরিষ্কার করে ফেলুন।
অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন
রান্নাঘরের সিঙ্ক, টেবিল ও কাউন্টারে পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন। এতে সেগুলোর চারপাশ পরিষ্কার করার বাড়তি ঝামেলা থাকবে না।
মুঠোফোনের চার্জার, কাগজপত্র ও রান্নার সরঞ্জামের মতো যেসব জিনিসের নির্দিষ্ট জায়গা রয়েছে, সেগুলো সেখানে সরিয়ে রাখুন। প্রতিদিন রান্নাঘরে সাজিয়ে রাখা সুন্দর রান্নার সরঞ্জাম বা সাজসজ্জার জিনিস দেখতে ভালো লাগলেও অতিথি আসার আগে সেগুলোও আপাতত সরিয়ে রাখতে পারেন।
বিভিন্ন পৃষ্ঠতল মুছে পরিষ্কার করুন
রান্নার সময় কাউন্টার, সিঙ্ক ও চুলায় তেলচিটচিটে ময়লা জমে। এসব জায়গায় ময়লা সহজেই চোখে পড়ে। তা ছাড়া অতিথিরা এসব জায়গায় মুঠোফোন বা খাবারের প্লেট রাখতে পারেন।
জীবাণুনাশক ওয়াইপ অথবা বহুমুখী পরিষ্কারক স্প্রে ও মাইক্রোফাইবার কাপড় দিয়ে দৃশ্যমান ময়লা মুছে ফেলুন। এতে খুব বেশি সময় ব্যয় না করেই রান্নাঘর পরিষ্কার দেখাবে।
মেঝে পরিষ্কার করুন
অতিথিরা আসার আগে হাতে সময় থাকলে রান্নাঘরের মেঝে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে মুছে নিন। ঘরের একটি বড় দৃশ্যমান অংশজুড়ে মেঝে থাকে বলে এটি পরিষ্কার করলে পুরো রান্নাঘরের চেহারাই বদলে যায়। সাধারণত বাড়ির সবচেয়ে বেশি নোংরা হওয়া জায়গাগুলোর একটি রান্নাঘর। তাই মেঝে পরিষ্কার রাখলে ঘরটি অনেক বেশি পরিচ্ছন্ন ও অতিথি আপ্যায়নের উপযোগী দেখাবে।
তথ্যসূত্র: দ্য স্প্রুস
সূত্র: জাগো নিউজ ২৪


মন্তব্য
(০)