পাকিস্তানের সিন্ধু প্রদেশে ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৯ জন কৃষক জার্মানির জ্বালানি কোম্পানি আরডব্লিউই এবং সিমেন্ট নির্মাতা হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন। বাসস ও এএফপির খবরে বলা হয়েছে, পাকিস্তানে কোম্পানি দুটির নির্দিষ্ট কোনো কার্যক্রমের জন্য নয়, বরং তাদের কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তনে ভূমিকা রেখে বৃষ্টিকে ভয়াবহ করেছে, এই যুক্তিতে মামলাটি করা হয়েছে।
বাদীদের হিসাবে বৈশ্বিক শিল্প নিঃসরণে আরডব্লিউইর অংশ ০.৬৮ শতাংশ এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের ০.১২ শতাংশ। দুটি কোম্পানিই অভিযোগ অস্বীকার করে মামলাকে ভিত্তিহীন বলেছে। হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস জানিয়েছে, তাদের কার্যক্রম জার্মান আইন মেনে চলেছে। আরডব্লিউই একে জলবায়ু নীতির দাবি জার্মান আদালতে টেনে আনার আরেকটি চেষ্টা বলে উল্লেখ করেছে।
জ্যাকোবাবাদ জেলার ধানখেতঘেরা গ্রামের ৪৩ বছর বয়সী কৃষক আবদুল হাফিজ খোসো এএফপিকে বলেন, ২০২২ সালের দৃশ্য ছিল প্রলয়ের মতো, তাঁদের প্রবীণেরাও এমন আবহাওয়া দেখেননি। উসমান সামতিও গ্রামের নারী জমির মালিক মুনাওয়ার খাতুন জানান, গম কাটার ঠিক আগে বন্যায় বীজ তলিয়ে যায়, পরিবারের আয়ের মূল উৎস শেষ হয়ে যায়। দাদু জেলার ৫৫ বছর বয়সী আবদুল খালিক লাঘারির হিসাবে ঘরবাড়ি, ৪০ একর (১৬ হেক্টর) জমির ফসল ও গবাদিপশু মিলিয়ে তাঁর ক্ষতি ১৪ হাজার ডলার, আজও ঋণ শোধ করতে পারেননি।
সেই বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা ডুবে যায়, মারা যান ১,৭০০ জন, ক্ষতিগ্রস্ত হন ৩ কোটি মানুষ। মামলায় কৃষকদের ক্ষতির গবেষণাও তুলে ধরা হয়েছে। পাকিস্তানের হ্যান্ডস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উন্নয়ন বিশেষজ্ঞ মীর কিরিও বলেন, বিজ্ঞান বলছে জলবায়ু পরিবর্তন চরম আবহাওয়ার ঝুঁকি ও তীব্রতা বাড়াচ্ছে, তাই যারা এ সংকটে বড় ভূমিকা রেখেছে তাদের জবাবদিহি করতে হবে।
এর আগে পেরুর এক কৃষক আরডব্লিউইর বিরুদ্ধে একই ধরনের মামলা করেছিলেন। গত বছর তাঁর ক্ষতিপূরণের দাবি খারিজ হলেও জার্মান আদালত নিঃসরণকারীকে দায়ী করার পথ খোলা রেখেছে। দুটি মামলাতেই যুক্ত জার্মান আইনজীবী রোডা ফেরহেইয়েন বলেন, বড় কোম্পানিগুলো ১৯৬০-এর দশক থেকেই জলবায়ু পরিবর্তনের প্রভাব জানত, তাদের নিঃসরণ কমানোর যথেষ্ট চেষ্টা করা উচিত ছিল। আইনজীবীদের মতে, নিঃসরণের অনুপাতে ক্ষতিপূরণ দেওয়ার রায় হলে তা হবে বড় অগ্রগতি।
বৈশ্বিক নিঃসরণে এক শতাংশেরও কম অবদান রেখেও পাকিস্তান জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। মামলাটি দেওয়ানি প্রক্রিয়ায় চলবে, শেষ হতে কয়েক বছর লাগতে পারে। মুনাওয়ার খাতুনের কথায়, এই মামলা ন্যায়বিচারের জন্য।
ছবি: Ali Hyder Junejo / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: বাসস





মন্তব্য
(০)