গত সেপ্টেম্বরে দেশে স্বাভাবিকের তুলনায় ১৭.৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে বেশি এবং বরিশাল বিভাগে স্বাভাবিক বৃষ্টি হলেও অন্য বিভাগগুলোতে কম বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের মাসিক পর্যালোচনা প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে বাংলানিউজ২৪।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়, এর দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়। দ্বিতীয়টি ২৩ সেপ্টেম্বর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ২৬ সেপ্টেম্বর ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশা উপকূল অতিক্রম করে; তৃতীয়টি ২৯ সেপ্টেম্বর গভীর নিম্নচাপ হয়ে মিয়ানমার উপকূল অতিক্রম করে এবং ৩০ সেপ্টেম্বর দক্ষিণ-পূর্ব বাংলাদেশসহ আশপাশে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করে দুর্বল হয়ে পড়ে।
সক্রিয় মৌসুমি বায়ু, লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে মাসের বেশির ভাগ সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি আর বজ্রসহ দমকা হাওয়া বয়েছে। মাসের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত ১৪২ মিলিমিটার রেকর্ড হয় সিলেটে, ১১ সেপ্টেম্বর।
১৪ থেকে ১৯, ২১ থেকে ২২ এবং ২৮ থেকে ২৯ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বয়ে যায়। মাসের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয় সিলেটে, ২৮ সেপ্টেম্বর; সর্বনিম্ন ২১.৪ ডিগ্রি নারায়ণগঞ্জে, ২০ সেপ্টেম্বর।
ছবি: Minhas Kamal / উইকিমিডিয়া কমন্স (CC0)
সূত্র: বাংলা নিউজ ২৪




মন্তব্য
(০)