দক্ষিণ এশিয়ায় খাদ্যনিরাপত্তা জোরদার এবং ছোট খামারিদের পশুপালন খাতের মূল্যশৃঙ্খল উন্নয়নের লক্ষ্যে ভুটানের থিম্পুতে বুধবার (১৮ নভেম্বর) দুই দিনের একটি আঞ্চলিক কর্মশালা শুরু হয়েছে। এতে নীতিনির্ধারক, প্রাণিসম্পদ বিশেষজ্ঞ, উন্নয়ন সহযোগী সংস্থা ও কৃষক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সার্ক কৃষি কেন্দ্র, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, এশীয় কৃষক সমিতি এবং হেইফার ইন্টারন্যাশনালের বাংলাদেশ ও নেপাল শাখা যৌথভাবে কর্মশালাটি আয়োজন করেছে। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী ইয়ুনতেন ফুন্টশো। স্বাগত বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. গোলাম মাহবুব টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নে আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। কেন্দ্রের জ্যেষ্ঠ কর্মসূচি বিশেষজ্ঞ (প্রাণিসম্পদ) ড. মো. ইউনূস আলী কর্মশালার উদ্দেশ্য ও প্রত্যাশিত ফল উপস্থাপন করেন। ভুটানে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. এস. মালেকা পারভীনও বক্তব্য দেন।
মূল প্রবন্ধে ভারতের জাতীয় দুগ্ধ গবেষণা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শচীন কুমার দক্ষিণ এশিয়ার খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় ক্ষুদ্র পশুপালনের মূল্যশৃঙ্খলের ভূমিকা তুলে ধরেন। এশীয় কৃষক সমিতির এস্টার পেনুনিয়া জাতিসংঘের পরিবারভিত্তিক কৃষি দশক থেকে আন্তর্জাতিক রেঞ্জল্যান্ড ও পশুপালক বর্ষ ২০২৬ পর্যন্ত অগ্রগতি এবং টেকসই খাদ্যব্যবস্থায় কৃষক ও পশুপালকদের ভূমিকা নিয়ে কথা বলেন। সমিতির মহাসচিব মারিয়া এলেনা রেবাগে কৃষক সংগঠনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
বিশেষ অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের কৃষি ও গ্রামীণ উন্নয়ন এবং সার্ক উন্নয়ন তহবিলবিষয়ক পরিচালক তানভীর আহমেদ তরফদার। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও নেপালের প্রতিনিধিরাও বক্তব্য দেন।
দুই দিনে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা নিজ নিজ দেশের ক্ষুদ্র পশুপালনের অভিজ্ঞতা তুলে ধরবেন। প্রাণিসম্পদের উৎপাদনশীলতা, উন্নত জাত উদ্ভাবন, পশুখাদ্য ও পশুস্বাস্থ্য ব্যবস্থাপনা, চারণভূমি, বাজারসংযোগ, অর্থায়ন এবং নারী ও যুবসমাজের অংশগ্রহণ নিয়ে কারিগরি আলোচনা হবে। আয়োজকদের ভাষায়, লক্ষ্য হলো আঞ্চলিক অগ্রাধিকার ঠিক করা এবং কৃষক ও পশুপালকদের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগের একটি কাঠামো তৈরি করা।
ছবি: Douglas McLaughlin / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.5)
সূত্র: এগ্রি বার্তা





মন্তব্য
(০)