জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২৫ নভেম্বর রোমে তাদের সদর দপ্তরে প্রথম আন্তর্জাতিক ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস দিবস পালন করেছে। আয়োজনে এই খাদ্যাভ্যাসকে দেখানো হয় একটি জীবন্ত ব্যবস্থা হিসেবে, যা কৃষক ও স্থানীয় বাজার থেকে পারিবারিক রান্না আর একসঙ্গে খাওয়া পর্যন্ত বিস্তৃত।
এফএও সম্মেলনের একটি প্রস্তাবের পর ২০২৫ সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটি ঘোষণা করে। এতে ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসকে খাদ্য উৎপাদন ও ভোগের সঙ্গে স্বাস্থ্য, প্রাকৃতিক সম্পদ, জীবিকা, সংস্কৃতি ও ঐতিহ্যের যোগসূত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দিবসটি বাস্তবায়নে সহায়তার দায়িত্ব পেয়েছে এফএও।
এফএওর মহাপরিচালক চু দোংইউ (QU Dongyu) বলেন, "আমরা যা খাই, তা আমাদের স্বাস্থ্য গড়ে দেয়। কিন্তু এটি ঠিক করে দেয় কৃষক কী উৎপাদন করবেন, জমি ও পানি কীভাবে ব্যবহার হবে, কোন খাদ্য বাজারে পৌঁছাবে, আমরা কোন জীবিকাকে সমর্থন করব এবং শেষ পর্যন্ত আমরা কেমন কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ব।"
এফএওতে ইতালির স্থায়ী প্রতিনিধি দপ্তর ও ফিউচার ফুড ইনস্টিটিউট (Future Food Institute) "একটি জীবন্ত ব্যবস্থা, একটি অভিন্ন খাদ্য-ভবিষ্যৎ" প্রতিপাদ্যে আয়োজনটি করে। এতে সরকার, বিজ্ঞানী, কৃষক সংগঠন ও রন্ধনশিল্পীরা অংশ নেন। ইতালির পররাষ্ট্র উপমন্ত্রী এদমোন্দো চিরিয়েল্লি (Edmondo Cirielli), কৃষিবিষয়ক আন্ডারসেক্রেটারি লুইজি দেরামো (Luigi D'Eramo), পোল্লিকার মেয়র স্তেফানো পিসানি (Stefano Pisani) এবং এথেন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ইমেরিটাস অধ্যাপক আন্তোনিয়া ত্রিকোপুলু (Antonia Trichopoulou) উপস্থিত ছিলেন।
দেশভেদে ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস আলাদা হলেও সাধারণত এতে থাকে গোটা শস্য, সবজি, ডাল, বাদাম, বীজ ও মৌসুমি ফল; চর্বির প্রধান উৎস জলপাই তেল, আর পরিমিত পরিমাণে মাছ, সামুদ্রিক খাবার, মুরগি, ডিম ও দুধজাত খাবার। একসঙ্গে খাওয়া আর প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা রান্নার জ্ঞানসহ এই খাদ্যাভ্যাস ইউনেসকোর মানবতার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আছে। এফএও জানায়, বৈজ্ঞানিক প্রমাণে প্রথাগত এই খাদ্যাভ্যাস মেনে চলার সঙ্গে ভালো স্বাস্থ্যের, বিশেষ করে হৃদ্রোগের কম ঝুঁকির সম্পর্ক বারবার পাওয়া গেছে।
চু সতর্ক করেন, নগরায়ণ, বিশ্বায়ন, আয় ও জীবনযাত্রার বদলে খাদ্যাভ্যাস দ্রুত বদলাচ্ছে, আর প্রথাগত খাদ্যজ্ঞান দুর্বল হচ্ছে, বিশেষ করে তরুণদের মধ্যে। তিনি বলেন, "আমাদের লক্ষ্য পৃথিবীর সব খাদ্যাভ্যাস এক রকম করা নয়। লক্ষ্য হলো সবাই যেন সব জায়গায় পুষ্টিকর, সাশ্রয়ী, সংস্কৃতির সঙ্গে মানানসই ও টেকসই স্বাস্থ্যকর খাবার পান।"
এফএওর খাদ্য ও কৃষি জাদুঘরের ফুডস ল্যাবে দক্ষিণ ইতালির চিলেন্তো (Cilento) অঞ্চলের শহর পোল্লিকা (Pollica) থেকে আসা দাদি-নানি, রাঁধুনি ও উৎপাদকেরা প্রথাগত রান্না ও স্থানীয় পণ্য দেখান, যার মধ্যে ছিল চিলেন্তোর ঐতিহ্যবাহী সাদা ডুমুর ফিকো বিয়াংকো দেল চিলেন্তো (Fico Bianco del Cilento)। পোল্লিকায় আছে ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাসের জীবন্ত জাদুঘর; নভেম্বরের শুরুতে সেখানে তিন দিনের আয়োজন হয়, আর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরেও দিবসটি পালিত হয়।
ছবি: G.steph.rocket / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এফএও নিউজরুম





মন্তব্য
(০)