ভারতের ওড়িশা রাজ্যের বালাঙ্গির (Balangir) জেলার আগলপুরের নাগাঁও-বি গ্রামে ১৩ নভেম্বর কৃষক, গবেষক ও ক্রেতারা কম গ্লাইসেমিক ইনডেক্স (লো জিআই) ও অন্যান্য পুষ্টিকর ধানের জাত মূল্যায়ন করেছেন, যেগুলো চাষ ও বাজারজাতের জন্য তৈরি করা হচ্ছে। খবরটি জানিয়েছে আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)।
লয়সিংহা উইমেন ফার্মার সার্ভিসেস প্রডিউসার কোম্পানি লিমিটেড ইরির সঙ্গে মিলে মাঠ দিবসটি আয়োজন করে। এটি হয়েছে চালের মূল্য সংযোজনের মাধ্যমে স্বনির্ভর দলভিত্তিক উদ্যোক্তা তৈরির একটি প্রকল্পের আওতায়, যার লক্ষ্য পুষ্টিকর চাল ও মিলেট প্রক্রিয়াজাত করে নারী কৃষক দলগুলোর আয় বাড়ানো এবং বাজারের সঙ্গে সংযোগ গড়া।
পরীক্ষায় ছিল ইরির লো জিআই, আলট্রা-লো জিআই ও উচ্চ প্রোটিনের প্রজনন লাইন, পাশে ছিল আইআর৬৪ ও আরএনআর ১৫০৪৮-এর মতো জনপ্রিয় জাত। কৃষক, কৃষি বিজ্ঞান কেন্দ্রের (কেভিকে) বিজ্ঞানী, কৃষি বিভাগ ও মিশন শক্তি দপ্তরের কর্মকর্তা, চালকল মালিক ও সম্ভাব্য ক্রেতারা ফসল দেখে কোন লাইন বড় পরিসরে চাষ, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির উপযোগী, তা নিয়ে আলোচনা করেন।
বুরদা গ্রামের রিতা গাদুয়া (Rita Gadua) এক বছর ধরে লো জিআই ধান চাষ করছেন। পরিবারের প্রি-ডায়াবেটিক সদস্যদের জন্য ফসলের একটি অংশ রেখে বাকিটা তিনি উৎপাদক কোম্পানির মাধ্যমে ন্যূনতম সহায়ক মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করেন। সম্ভাব্য ক্রেতা প্রুস্তি অ্যাগ্রোর সুবাস প্রুস্তি (Subash Prusti) বলেন, "লো জিআই ধানের জাত গরম পিঠার মতো বিক্রি হচ্ছে, দেশের বাজারে বড় চাহিদা তৈরি হচ্ছে।" তাঁর মতে, উৎপাদক কোম্পানির মাধ্যমে সরাসরি কিনলে বাড়তি দামের একটি অংশ কৃষকের কাছে পৌঁছে দেওয়া যাবে।
কেভিকে বালাঙ্গিরের প্রধান ড. সত্যময় শতপথী (Satyamaya Sathpathy) বলেন, লো জিআই ও আলট্রা-লো জিআই লাইনগুলো অবমুক্তির আগে মূল্যায়ন ও যাচাইয়ের জন্য ওড়িশা কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইরি ও কেভিকেগুলোর যৌথ কাজ চালিয়ে যাওয়া জরুরি। প্রধান অতিথি ওড়িশার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ড. মুকেশ মহালিঙ্গ (Mukesh Mahaling) ডায়াবেটিসসহ অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার কথা তুলে ধরে সরকারি পুষ্টি কর্মসূচিতে পুষ্টিকর চাল যুক্ত করার সুযোগের কথা বলেন এবং নারী নেতৃত্বাধীন উৎপাদক কোম্পানি ও স্বনির্ভর দলগুলোকে প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনে এগিয়ে আসতে বলেন।
ইরির জ্যেষ্ঠ সহযোগী বিজ্ঞানী ড. জ্ঞানদীপ পাণ্ডিয়া (Gyandip Pandia) বলেন, "আমাদের লক্ষ্য এমন একটি ব্যবস্থা গড়া, যা কৃষক দলগুলোকে বাড়তি দামের বাজারের সঙ্গে যুক্ত করবে এবং স্বনির্ভর দলের মূল্য সংযোজনে সহায়তা দেবে; এতে কৃষকের আয় বাড়বে, পুষ্টি ও স্বাস্থ্যেরও উন্নতি হবে।"
ছবি: Aditya Mahar / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: IRRI





মন্তব্য
(০)