মানুষ সাধারণত আর্থিক টানাপোড়েন বা অসুস্থতাকেই সংকট মনে করে; কিন্তু চরিত্রহীনতা ও কুপ্রবৃত্তির দাসত্ব আরও ভয়াবহ পরিণতি ডেকে আনে। এ প্রেক্ষাপটে মহানবী (সা.) একটি সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আত্মিক অবনতি ও দৈহিক অসুস্থতা থেকে আল্লাহর আশ্রয় চাইতে শিখিয়েছেন।
সহিহ ইবনে হিব্বানের ৯৬০ নম্বর বর্ণনায় এসেছে, নবীজি (সা.) দোয়া করতেন: ‘আল্লাহুম্মা জান্নিবনি মুনকারাতিল আখলাকি, ওয়াল-আহওয়াই, ওয়াল-আসওয়াই, ওয়াল-আদওয়াই।’ অর্থ: হে আল্লাহ, আমাকে গর্হিত চরিত্র, কুপ্রবৃত্তি, নিকৃষ্ট কাজ ও কঠিন রোগব্যাধি থেকে দূরে রাখুন।
প্রথম সংকট গর্হিত চরিত্র: অহংকার, হিংসা, বিদ্বেষ, কৃপণতা, মিথ্যা ও প্রতারণা ব্যক্তিত্ব নষ্ট করে এবং অন্যের ক্ষতির কারণ হয়। দ্বিতীয়টি কুপ্রবৃত্তি: প্রবৃত্তি যখন মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে সরিয়ে নীতিহীন চাহিদার দিকে নিয়ে যায়, তখন তা আত্মঘাতী হয়ে ওঠে।
দোয়ার বাকি দুই অংশে নিকৃষ্ট কাজ এবং কঠিন রোগব্যাধি থেকে আশ্রয় চাওয়া হয়েছে। অর্থাৎ একটি দোয়ায় চরিত্র, মন, কাজ ও শরীর, চার দিকের সুরক্ষাই চাওয়া হয়েছে।
সূত্র: দিনাজপুর টিভি




মন্তব্য
(০)