দেশে কীটনাশক উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভরতা কমাতে কাঁচামাল আমদানি ও বন্দরে খালাস সহজ করার নতুন প্রজ্ঞাপন (এসআরও) জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আগের নিয়মই চালু থাকায় দেশীয় কীটনাশক উৎপাদকেরা ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ।
উৎপাদকদের অভিযোগ, প্রতিটি চালানের জন্য আলাদা অনাপত্তিপত্র (এনওসি) নিতে গিয়ে সময় ও অর্থের অপচয় হচ্ছে, বাড়ছে প্রশাসনিক জটিলতা। কাঁচামাল চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর প্রথমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আবেদন, পরে মন্ত্রণালয়ের অনুমোদন, তদন্ত কমিটি গঠন এবং কারখানা সরেজমিন পরিদর্শনের প্রতিবেদন শেষে মেলে অনাপত্তিপত্র। এতে দীর্ঘ সময় লাগে, বন্দরে খালাসেও দেরি হয়।
আগে এ কাজ চলত এসআরও নম্বর ১৯৯-আইন/২০২৫/২১/কাস্টমস অনুযায়ী। পরে তা সংশোধন করে এনবিআর এসআরও নম্বর ১৫৬-আইন/২০২৬/কাস্টমস জারি করে। নতুন এসআরও অনুযায়ী প্রতিটি চালানের জন্য আলাদা অনাপত্তিপত্র লাগবে না; উৎপাদনকারী প্রতিষ্ঠানকে দেওয়া একটি প্রত্যয়নপত্রেই পরের একাধিক চালান খালাসের সুযোগ রাখা হয়েছে।
বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সভাপতি কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান বলেন, উৎপাদনের লাইসেন্স দেওয়ার আগেই মন্ত্রণালয় ও অধিদপ্তর কারখানা, উৎপাদন সক্ষমতা ও শর্ত যাচাই করে। এরপরও প্রতিটি চালান আসার পর নতুন করে কারখানা পরিদর্শন ও অনাপত্তিপত্র নেওয়ার বাধ্যবাধকতা অযৌক্তিক। কর্মকর্তারা বছরের যেকোনো সময় কারখানা পরিদর্শন করতে পারেন, তাতে আপত্তি নেই, কিন্তু প্রতিবার নতুন আবেদন ও তদন্ত গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।
তিনি জানান, সমাধানের জন্য মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি; বরং অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। দীর্ঘ প্রক্রিয়ায় ব্যবসার খরচ বাড়ছে, উদ্যোক্তারা নিরুৎসাহিত হচ্ছেন। তাঁর অভিযোগ, সরাসরি কীটনাশক আমদানিকারকদের এমন প্রক্রিয়া মানতে হয় না। আমদানিনির্ভরতা কমাতে দেশীয় উৎপাদকদের প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. এনায়েত-ই রাব্বি বলেন, তাঁরা সাধারণত মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। নতুন এসআরও অনুসরণ করে ছাড়পত্র দেওয়ার বিষয়ে মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি, তাই আগের এসআরও অনুযায়ী কাজ চলছে। নির্দেশনা পেলেই নতুন এসআরও অনুসরণ করা হবে বলে জানান তিনি।
প্রতিবেদনটি দৈনিক সকালের সময়ের খবর অবলম্বনে এগ্রিকেয়ার২৪-এর ডেস্ক প্রতিবেদনের ভিত্তিতে তৈরি।
সূত্র: এগ্রিকেয়ার২৪



মন্তব্য
(০)