পার্সিমন বা কাকি মূলত পূর্ব এশিয়ার (চীন, জাপান ও কোরিয়া) একটি মিষ্টি ও পুষ্টিকর ফল। যা দেখতে অনেকটা পাকা টমেটো বা গাবের মতো। এটিকে জাপানের জাতীয় ফলও বলা হয়। এটি দামি বা ধনী ফল হিসেবেও পরিচিত।
ফলটি বর্তমানে বাংলাদেশের নাটোর, যশোর ও ঝিনাইদহে পরীক্ষামূলকভাবে ও বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। নিচে পার্সিমন ফল চাষের পদ্ধতি তুলে ধরা হলো:
মাটি ও স্থান নির্বাচন
ভালো নিষ্কাশনযুক্ত বেলে-দোআঁশ বা দোআঁশ মাটি পার্সিমন চাষের জন্য সবচেয়ে উপযুক্ত। মাটির পিএইচ মান ৬.০ থেকে ৭.৫ এর মধ্যে থাকা ভালো। গাছটি পূর্ণ সূর্যালোকে ভালো হয়। তাই প্রতিদিন কমপক্ষে ৬ থেকে ৮ ঘণ্টা সরাসরি রোদ পায়, এমন খোলা জায়গা নির্বাচন করতে হবে। পার্সিমন গাছ জলাবদ্ধতা একদম সহ্য করতে পারে না। এতে শেকড়ে পচন ধরতে পারে।
বংশবিস্তার ও চারা রোপণ
বীজ, কলম বা গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে চারা তৈরি করা যায়। তবে গ্রাফটেড বা কলম করা চারা গাছ দ্রুত ফল দেয়। সাধারণত শীতের শেষ বা বসন্তের শুরুতে চারা রোপণ করা উত্তম। এই গাছ বেশ বড় হয়। তাই একেকটি গাছ থেকে অন্য গাছের দূরত্ব ১৫ থেকে ২০ ফুট রাখা উচিত।
সার ও খাদ্য
প্রতি বছর গাছের বয়স ও আকার অনুযায়ী ৫ থেকে ১০ কেজি ভালো মানের জৈব সার বা পচা গোবর দিতে হবে। এ ছাড়া সুষম মাত্রায় ইউরিয়া ২০০-৩০০ গ্রাম, টিএসপি ২৫০ গ্রাম এবং এমওপি বা পটাশ ১৫০ গ্রাম গাছের গোড়ার চারপাশে মাটিতে মিশিয়ে দিতে হবে। ফুল আসার আগে সামান্য ফসফরাস ও পটাশ সার দেওয়া উপকারী।
সেচ ও পরিচর্যা
চারা রোপণের পর নিয়মিত সেচ দিতে হবে। খরা মৌসুমে বা ফুল ও ফল ধরার সময় পর্যাপ্ত পানি দেওয়া জরুরি। গাছের গোড়া সব সময় পরিষ্কার ও আগাছামুক্ত রাখতে হবে। আর্দ্রতা ধরে রাখতে গোড়ায় খড় বা জৈব মালচিং ব্যবহার করা যেতে পারে। গাছের অতিরিক্ত ও দুর্বল ডালপালা কেটে আকার ছোট ও সুগঠিত রাখতে হয়। যাতে আলো-বাতাস সহজে চলাচল করতে পারে।
ফল সংগ্রহ
সাধারণত গ্রাফটেড বা কলম করা গাছ থেকে ২-৩ বছরের মধ্যে ফল পাওয়া যায়। বীজের গাছ হলে ৫ বছর পর্যন্ত সময় লাগতে পারে। মার্চ মাসে গাছে ফুল আসে এবং সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফল পাকতে শুরু করে। ফলটি ১.৫ থেকে ৯ সেন্টিমিটার পর্যন্ত হয়। দেখতে হলুদ, কমলা বা লালচে রঙের হয়।
এই গাছে দু'ধরনের ফল হতে পারে। একটি হৃৎপিণ্ড আকৃতির এবং কষা বা তেতো স্বাদের হয়। পুরোপুরি নরম ও না পাকা পর্যন্ত খাওয়া যায় না। অপরটি চ্যাপ্টা ও গোল আকৃতির (টমেটোর মতো)। এটি শক্ত ও মচমচে অবস্থাতেই খাওয়া যায় এবং বেশ মিষ্টি হয়।



মন্তব্য
(০)